পলিথিনমুক্ত বাজার
শেরেবাংলা নগরের মমতা বহুমুখী সমবায় সমিতি বাজারকে (সাবেক বিএনপি বাজার) সম্পূর্ণভাবে ‘পলিথিন ব্যাগমুক্ত বাজার’ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল রোববার বিকেলে বাজার প্রাঙ্গণে ‘পলিথিন ব্যাগমুক্ত বাজার ঘোষণা’ শীর্ষক এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এই বাজারের ব্যবসায়ীরা পলিথিন ব্যবহার না কারার শপথ পাঠ করেন এবং অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডলের কাছে অব্যবহৃত পলিথিন জমা দেন। পরে শুভেচ্ছা স্মারক হিসেবে ব্যবসায়ীদের পরিবেশবান্ধব পাটের তৈরি ঘড়ি উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে মো. রইছউল আলম মণ্ডল বলেন, একটি পরিবার দিনে গড়ে পাঁচটি পলিথিন ব্যবহার করে। কিন্তু এই পলিথিন সারা বিশ্বে পরিবেশের জন্য অনেক ক্ষতির কারণ। একা কাজ করে সমাজ থেকে এই পলিথিন দূর করা সম্ভব নয়। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সবাই মিলে কাজ করতে হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সরকারের সিদ্ধান্তের ফলে দেশে চাল, ডাল, আটা-ময়দা ইত্যাদি পণ্য ব্যবহারে পাটের চট ব্যবহৃত হচ্ছে। এই বাজারের ব্যবসায়ীরা একসঙ্গে চটের ব্যাগ ব্যবহার করবেন। ক্রেতাদের তা ব্যবহারে উদ্বুদ্ধ করবেন। টানা তিন মাস পলিথিনমুক্ত থাকলে, এই বাজারকে একটি মডেল হিসেবে অন্যদের কাছে উপস্থাপন করা যাবে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শাহদাত হোসেন বলেন, আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পলিথিনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক আনোয়ার হোসেন হাওলাদার বলেন, বাজারে পলিথিন বন্ধ করার পাশাপাশি বিভিন্ন কারখানায় অভিযান চালানো হবে। কারখানার মালিকদের শাস্তির আওতায় আনা হবে।