পলিথিনে মাছ বহনের দায়ে জরিমানা দিলেন দুই ক্রেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী, মজুদদার কিংবা পাইকারি-খুচরা বিক্রেতা নয়; এবার পলিথিন বহনকারী ক্রেতাদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পলিথিন ব্যাগে মাছ বহনের অপরাধে গতকাল বুধবার মোহাম্মদপুর টাউন হল মার্কেটে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত এ সময় রাজধানীর ওই বাজারে অভিযান চালাচ্ছিলেন। এ ছাড়া পলিথিন ব্যাগ মজুদ ও বিক্রির অভিযোগে ১৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত টাউন হল মার্কেটে পলিথিনবিরোধী অভিযান চালাচ্ছিলেন। এ সময় সাহেদ নামের এক ব্যক্তি পলিথিন ব্যাগে ইলিশ মাছ বহন করছিলেন। এ সময় আদালত ওই ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন। একই অপরাধে মোহাম্মদ আজিজ নামের অন্য এক ক্রেতাকেও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত টাউন হল কাঁচাবাজারের ১৫ জন ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রায় ১৫ কেজি ওজনের পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। অভিযানের সময় পলিথিন শপিং ব্যাগবিরোধী মাইকিং এবং প্রচারপত্র বিলি করা হয়। সচেতনতামূলক স্টিকার সেঁটে দেওয়া হয় প্রতিটি দোকানে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় মহানগর দাঙ্গা পুলিশ এবং অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত থেকে আদালতকে সহায়তা করেন।