পল্টন থেকে বাবুবাজার সেতু পর্যন্ত উড়ালসড়ক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানজট নিরসনে পল্টন থেকে বাবুবাজার সেতু পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসে এ প্রকল্প বাস্তবায়নকাজ শুরু হয়ে ২০১৩ সালের মধ্যে শেষ হবে। প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সরকারি অর্থে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।রাজউক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী, রাজধানী ‘ঢাকার দক্ষিণমুখী সম্প্রসারণ ও উত্তর-দক্ষিণ দিকে যোগাযোগ নেটওয়ার্ক বাড়িয়ে গোলাপশাহ মাজার থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত উড়ালসড়ক নির্মাণ’ শীর্ষক প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। কিন্তু পরে গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের নির্দেশে যোগাযোগ নেটওয়ার্ক অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে উড়ালসড়ক পল্টন পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা গতকাল প্রথম আলোকে বলেন, ‘প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আশা করছি, প্রকল্পটি শিগগির অনুমোদন হবে। প্রকল্পটি অনুমোদন হলে জুলাই থেকে এই উড়ালসড়ক নির্মাণের কাজ শুরু করব।’সূত্রমতে, রাজধানীর মগবাজার, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান, নর্থ-সাউথ রোড, ইংলিশ রোড ও বাবুবাজার এলাকায় ট্রাফিকের সংখ্যা বাড়ানোর মাধ্যমে উত্তর-দক্ষিণ বরাবর যান চলাচলের সুযোগ বাড়ানো এবং যানজট নিরসনে এ উড়ালসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, মূল উড়ালসড়ক হবে ৫ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং ১০ দশমিক ৮৩ মিটার থেকে ১৮ মিটার প্রস্থ। প্রবেশ ও বাহির হওয়ার ফটক হবে ১ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এবং ১০ দশমিক ৩০ মিটার প্রস্থ। উড়ালসড়কের চিহ্নিত রুটগুলো হলো: পল্টন-জিরো পয়েন্ট হয়ে গোলাপশাহ মাজার-ফুলবাড়িয়া থেকে নয়াবাজার-বাবুবাজার ব্রিজ। অন্যদিকে নয়াবাজার-রায়সাহেব বাজার-ভিক্টোরিয়া পার্ক এলাকা ও রায়সাহেব বাজার-ধোলাইখাল রোড এলাকা দিয়ে নির্মিত হবে এ সড়ক।জানা গেছে, এ প্রকল্পে বছর ওয়ারি বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ২০১১-১২ অর্থবছরে ২৫৭ কোটি ৮৫ লাখ টাকা, ২০১২-১৩ অর্থবছরে ৩৮৭ কোটি ৯৭ লাখ টাকা এবং ২০১৩-২০১৪ অর্থবছরে ২০৩ কোটি ৮৫ লাখ টাকা। প্রস্তাবিত এ কার্যক্রমের জন্য শূন্য দশমিক ৪২ হেক্টর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে, যার মূল্য ২০ কোটি টাকা।