পল্টন, পান্থপথ, উত্তরায় উচ্ছেদ অভিযান
আবাসিক ভবনে অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ফুটপাত ও গাড়ি রাখার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে পল্টন, পান্থপথ ও উত্তরায় একযোগে অভিযান চালিয়েছে রাজউক।
গতকাল বৃহস্পতিবার রাজউকের তিনটি ভ্রাম্যমাণ আদালত আলাদাভাবে এই অভিযান পরিচালনা করেন।
পান্থপথ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুটি ভবনের ভূতলে গাড়ি রাখার জায়গায় গড়ে ওঠা গুদাম দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে ৬৯/এ নম্বর ভবনের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই এলাকার আরেকটি ভবনের সামনে উন্মুক্ত জায়গায় নির্মিত একটি সিঁড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।
উত্তরার ৬ নম্বর সেক্টরে পরিচালিত অভিযানের নেতৃত্ব নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন। সেখানে ১০ নম্বর সড়কে অবস্থিত হোটেল সুইস প্যালেসের অবৈধ র্যাম্পসহ মোট ১৭টি র্যাম্প অপসারণ করেন ভ্রাম্যমাণ আদালত। গাড়ি রাখার জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় আরেকটি ভবনের। রাজউকের জোন-৬-এর অন্তর্ভুক্ত পুরানা পল্টন এলাকার প্রিতম-জামান টাওয়ারে পরিচালিত অভিযানে ভূতল থেকে পাঁচটি বাণিজ্যিক স্থাপনা ও একটি লোহার সিঁড়ি অপসারণ করা হয়। বিজ্ঞপ্তি।