পল্টন মোড়ে ইসলামী আন্দোলনের সমাবেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে পল্টন মোড়ে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশ চলাকালে প্রায় দুই ঘণ্টা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে দৈনিক বাংলার মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। ফলে ভোগান্তিতে পড়েন পথচারীরা।
আজ শুক্রবার বেলা দেড়টা থেকে সমাবেশ শুরু হয়। সাড়ে তিনটার দিকে সমাবেশ শেষ হয়। সেখানে বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর রেজাউল করীম বলেন, ‘আমরা আগে বলেছিলাম, সমাবেশ করতে না দিলে রোববার হরতাল হবে। কিন্তু সমাবেশ হওয়ায় রোববার হরতাল হবে না।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি আজ সমাবেশ করতে বাধা দিলে আগামী রোববার হরতালের হুমকি দেন।
মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আবদুল লতিফ সিদ্দিকী দেশে ফেরার পরদিন ২৫ নভেম্বর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ সমাবেশ থেকে ধর্মদ্রোহীদের বিরুদ্ধে সংসদে আইন পাস করার দাবিতে ইসলামী আন্দোলন ৫ ডিসেম্বর সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ ও সংসদ অভিমুখে পদযাত্রা কমর্সূচি দিয়েছিল। কিন্তু দলটি গতকাল রাত ১০টা পর্যন্ত সমাবেশের জন্য পুলিশের অনুমতি পায়নি। আজ তারা পল্টন মোড়ে সমাবেশ করে।
সমাবেশের সময় ওই এলাকায় পুলিশ মোতায়েন ছিল। কর্তব্যরত গুলিস্তান পুলিশ ফাঁড়ির দায়িত্বরত (ইনচার্জ) সার্জেন্ট নাসিরউদ্দিন বেলা একটার দিকে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তাঁদের প্রস্তুতি রয়েছে।