পল্টন হত্যাকাণ্ডের বার্ষিকীতে ঘাতকদের শাস্তির দাবি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বোমা-গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ঘাতকদের শাস্তি না দিয়ে দেশে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠীর উত্থানের পথ প্রশস্ত ও সুগম করে দেওয়া হয়েছে। বাংলাদেশবিরোধী এই অপশক্তিকে রুখতে হলে এখন তাদের ও তাদের দেশি-বিদেশি মদদদাতাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবন চত্বরের অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে দেওয়া বক্তব্যে মুজাহিদুল ইসলাম একথা বলেন। পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলার নবম বার্ষিকী পালন উপলক্ষে তিনি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সেখানে দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।মুজাহিদুল ইসলাম বলেন, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীল চেতনা ধ্বংস করে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশেই সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী একের পর এক বোমা-গ্রেনেড হামলা চালিয়েছে। আর ক্ষমতাসীন বুর্জোয়া রাজনৈতিক দলগুলো ওই উগ্র মৌলবাদী অপশক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পরিবর্তে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। এতে সরকার আসে, সরকার যায় কিন্তু বোমাবাজ রাজাকারেরা যায় না বরং আরও শক্তিশালী হয়। এই অবস্থায় সাম্প্রদায়িক অপশক্তি, লুটেরা পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে রুখতে বাম গণতান্ত্রিক শক্তির ঐক্যের আহ্বান জানান তিনি।সিপিবির সমাবেশে বোমা হামলার বার্ষিকী পালন উপলক্ষে মুক্তি ভবনের ওই বেদিতে ওয়ার্কার্স পার্টি, গণফোরাম, জাসদ, বাসদ, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দলসহ বাম প্রগতিশীল দলগুলো এবং মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর আসর, কৃষক সমিতি, ক্ষেত মজুর সমিতি, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয়তাবাদী শ্রমিক দল, লতিফ বাওয়ানি জুট মিলস শ্রমিক ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, সাপ্তাহিক একতা, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ছাত্র লীগ (জাসদ), ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, প্রগতিশীল ছাত্র জোট, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে সাম্প্রদায়িক জঙ্গিগোষ্ঠী বোমা হামলা চালায়। এতে ঘটনাস্থলে হিমাংশু, হাসেম, মজিদ ও মোক্তার নিহত হন। গুরুতর আহত বিপ্রদাস হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ওই বছরের ২ ফেব্রুয়ারি। বোমা হামলায় শতাধিক নেতা-কর্মী আহত হন। তাঁদের মধ্যে অমর মণ্ডল, লক্ষণ মণ্ডল, মো. জাহাঙ্গীর, আবদুস সাত্তার, মিজানুর রহমান, এম এ করিমসহ অনেকে শারীরিক প্রতিবন্ধী হয়ে বেঁচে আছেন। এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।