পল্টনে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর নয়া পল্টনের জোনাকি সিনেমা হলের সামনে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আলাউদ্দিন (৫৫) নামের ওই ব্যক্তি একটি পোশাক কারখানার ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে জোনাকি সিনেমা হলের কাছে একটি মোটরসাইকেল আলাউদ্দিনকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে যান।

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালে আলাউদ্দিনের বড় ভাই মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, সকালে আলাউদ্দিন তাঁর ভাগনে আবু সাঈদকে নিয়ে মালিবাগের বাসা থেকে রিকশায় নয়াপল্টনে কর্মস্থলে যাচ্ছিলেন। আলাউদ্দিন রিকশা থেকে নেমে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে মাথায় আঘাত পান।

আলাউদ্দিন পরিবার নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার ভৈঘরে থাকতেন। তাঁর দুই সন্তান রয়েছে। গ্রামের বাড়ি শরীয়তপুরের ডামুড্যা থানার নান্দায়।