পল্লবী ও উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী ও উত্তরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া উত্তরায় আমেনা খাতুন (২২) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোর পাঁচটায় বাসা থেকে কর্মস্থলে যাওয়ার জন্য মিরপুর ১২ নম্বরে আসেন আবদুল মজিদ (৬০)। মিরপুর ১২ নম্বরে একটি দ্রুতগামী ট্রাক মজিদকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।এদিকে উত্তরায় গত বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হন। তাঁর পরনে ছিল সবুজ রঙের শাড়ি। পুলিশ বাস বা চালককে আটক করতে পারেনি।উত্তরা থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাতে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আমেনা খাতুন নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের স্বজনেরা জানিয়েছেন, তিনি আত্মহত্যা করতে পারেন। তিনি চার দিন আগে গ্রাম থেকে বোনের বাসায় বেড়াতে আসেন। তিনি বিষণ্নতায় ভুগছিলেন। নিহতের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনের শরীফপাড়ায়।