পল্লবী থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর পল্লবী থানার দোয়ারিপাড়া এলাকার একটি টিনশেড বাসা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে মাসুদুর রহমান ওরফে মাজু মিয়া (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত মাজু মিয়ার চাচাতো ভাই মো. রাজু মুঠোফোনে প্রথম আলোকে জানান, মাজু মিয়া স্ত্রী ও পাঁচ বছরের এক সন্তান নিয়ে দুয়ারিপাড়া এলাকার ৩ নম্বর সড়কে একটি টিনশেড বাসায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ওই বাসার একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। রাজু আরও জানান, সকাল নয়টার দিকে পারিবারিক সমস্যা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে মাজু মিয়া বাসার শোবার কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় তাঁর সন্তানকে দরজার নিচ দিয়ে ওই কক্ষের ভেতর ঢোকানো হয়। পরে সে চিৎকার দিয়ে দরজা খুলে দিলে দেখা যায়, মাজু মিয়া বাসার আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে মাজু মিয়া আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।