পল্লবীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে আফরিন আফরোজ (১৮) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে নিজ বাসা থেকে তাঁর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আফরিনের বাবার সন্দেহ, তাকে হত্যা করা হয়েছে।বাবা দবির উদ্দিন প্রথম আলোকে জানান,আফরিন মিরপুর কমার্স কলেজের ছাত্রী ছিলেন। দবির বলেন, তাঁর দুই স্ত্রী। প্রথম স্ত্রী শামীমা আক্তার তিন মেয়ে নিয়ে মিরপুর ১১ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কে একটি বাসায় থাকেন। অপর স্ত্রী দুই ছেলে নিয়ে থাকেন গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পার ঝঞ্জনিয়া গ্রামে। আফরিনের বাড়ির লোকজন জানান, গত বুধবার সন্ধ্যায় শামীমা আক্তার দুই মেয়ে নিয়ে মিরপুর ১ নম্বর সেক্টরে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যান। আফরিন বাসায় থেকে যান। রাত ১১টার দিকে শামীমা বাসায় ফিরে এসে বাসার দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি আফরিনকে একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। দবির জানান, তিনি আট দিন ধরে গ্রামের বাড়ি ছিলেন। গত বুধবার রাতে তাঁর স্ত্রী শামীমা মুঠোফোনে তাঁকে মেয়ের মৃত্যুর খবর দেন। তিনি বলেন, ‘বাসার দরজা খোলা ছিল। তাই মেয়েকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছি।’ এদিকে, পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন মুঠোফোনে প্রথম আলোকে জানান, গতকাল বৃহস্পতিবার সকালে আফরিনের মা শামীমা আক্তার থানায় যে অভিযোগ করেছেন তাতে দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে উল্লেখ করা হয়েছে। শামীমা আক্তার লাশের ময়নাতদন্ত না করারও আবেদন করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) হেকমত জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই, প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে।