পল্লবীতে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী এলাকা থেকে পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে অজ্ঞাত এক তরুণীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।পল্লবী থানা সূত্র জানায়, গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে পুলিশ মিরপুর ১২ নম্বর সেকশনের ডি-ব্লকের ডুইপ প্লটের ২৯/এ লাইনের ১৩ নম্বর বাড়ির সামনের ড্রেনের ওপর থেকে প্লাস্টিকের সাদা একটি বস্তা মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। বস্তাটি খোলার পর লাশটি পাওয়া যায়। তরুণীটির হাত ও পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এরপর লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মঈনুল কবীর। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, উদ্ধার হওয়া তরুণীর বয়স আনুমানিক ১৭ বছর। তার নাভিতে জখম এবং গলা ও পেটের বাঁ-দিকে কালচে দাগ পাওয়া গেছে। তার পরনে কলো গেঞ্জি ও কালো রঙের সালোয়ার ছিল। এস আই মাঈনুল কবীর জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, তরুণীকে পরিকল্পিতভাবে হত্যার পর গুম করার উদ্দেশ্যে লাশ এখানে ফেলে গেছে খুনিরা। তবে স্থানীয় লোকজন ওই তরুণীকে শনাক্ত করতে পারেনি। সে ধর্ষণের শিকার হয়েছিল কি না, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তা নিশ্চিত হওয়া যাবে।