পল্লবীতে নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাসীরা লিটন হোসেন (২২) নামের এক নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা পৌনে তিনটার দিকে তিন সন্ত্রাসী পল্লবীর কালশী রোড-সংলগ্ন বড়বাগ এলাকার ই-ব্লকের চার নম্বর সড়কের একটি আবাসন প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনে যায়। এ সময় সন্ত্রাসীরা লিটনকে লক্ষ্য করে গুলি ছুড়ে চলে যায়। লিটন পিঠে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। সংকটজনক অবস্থায় বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। লিটনের গ্রামের বাড়ি নওগাঁয়। লিটনের সহকর্মী জাকির হোসেন জানান, কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা লিটনকে গুলি ছুড়ে পালিয়ে যায়। আবাসন প্রতিষ্ঠান—ভিশন ডিজাইন অ্যান্ড হাউজিং লিমিটেডের অন্যতম পরিচালক সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, চাঁদা না দেওয়ায় তিন-চার দিন আগে সন্ত্রাসীরা ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়। ঘটনাটি পল্লবী থানাকেও জানানো হয়। এরপর গতকাল হঠাৎ সন্ত্রাসীরা এসে গুলি করে চলে যায়।পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, চাঁদা চাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়নি।