পল্লবীতে পত্রিকা ছিনতাইয়ের প্রতিবাদে হকার্স সমিতির সভা
রাজধানীর পল্লবী ইস্টার্ন হাউজিং এলাকায় সন্ত্রাসীরা হকারদের কাছ থেকে পত্রিকা ছিনতাই করে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে সভা করেছে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। গত শনিবার মতিঝিলে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভা থেকে জানানো হয়, গত শনিবার সকাল সাতটার দিকে সাইফুল, নোমান, জসীমসহ অন্য হকাররা শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে পত্রিকা নিয়ে গেলে সন্ত্রাসীরা সেগুলো ছিনতাই করে নিয়ে পুড়িয়ে দেয়। তারা হকারদের মোবাইল নম্বর দিয়ে বলে, এই নম্বরে যোগাযোগ করে তাঁদের যেন মাসোহারা দেওয়া হয়। তা না হলে ওই এলাকায় পত্রিকা বিক্রি করলে জীবন দিতে হবে। এই বিষয়ে পল্লবী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।হকার্স সমিতির পক্ষ থেকে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কমিশনারের প্রতি আহ্বান জানানো হয়েছে। সমিতির সভাপতি আবু ছিদ্দিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোরবান আলী, আবুল কাশেম, গোলাম রসুল, লুৎফে আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।