পল্লবীতে পিকআপ ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এলাকায় পণ্যবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বছরের এক শিশু নিহত হয়েছে। মিরপুর-১১–এর আদর্শনগর এলাকায় আজ শনিবার সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মোহাম্মদ সায়েম। তার বাবা মোহাম্মদ হীরা বলেন, আদর্শনগর বি–ব্লকের ১৩ নম্বর রোডে একটি বাসায় ভাড়া থাকেন তাঁরা। সকালে সায়েম ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পাশের গলিতে যায়। সেখানে একটি মুরগি বহনকারী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সকাল ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ হীরা বলেন, তাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামে। দুই ভাইয়ের মধ্যে সায়েম ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।