পল্লবীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানার ইস্টার্ন হাউজিং এলাকায় গত শুক্রবার মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের সময় আলমগীর হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আলমগীর ডাকাতদলের সদস্য। কিন্তু পরিবারের দাবি, আলমগীর ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন না। পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১০-১২ জনের ডাকাত দল ইস্টার্ন হাউজিংয়ের সি ব্লকে ডাকাতির উদ্দেশে গিয়েছিল। স্থানীয় লোকজন টের পেয়ে ডাকাত আলমগীরকে আটক করে ধোলাই দেয়। ঘটনাস্থলের অদূরে টহল পুলিশ এগিয়ে গেলে আটক হওয়া ডাকাতের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও পাল্টা গুলি করে। পুলিশ জানায়, একপর্যায়ে আলমগীরের দুই পায়ে একাধিক গুলি লাগে। অন্যরা ইস্টার্ন হাউজিংয়ের পশ্চিম দিকের সীমানা টপকে জাতীয় উদ্ভিদ উদ্যানের (বোটানিক্যাল গার্ডেন) ভেতর দিয়ে পালিয়ে যায়। আহত আলমগীরকে পুলিশি প্রহরায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। রাত পৌনে চারটায় তিনি মারা যান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, নিহত আলমগীরের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপপরিদর্শক আকতার হোসেন নিহত আলমগীরকে আসামি করে ডাকাতি চেষ্টার অভিযোগে মামলা করেন। মর্গে নিহত আলমগীরের ভাই আসাদুজ্জামান সাংবাদিকদের কাছে দাবি করেন, ডাকাতদের সঙ্গে তাঁর ভাইয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। তাঁর বিরুদ্ধে কোনো থানায় মামলা কিংবা সাধারণ ডায়েরিও নেই। পুলিশ তাঁকে পিটিয়ে ও গুলি করে মেরেছে। তবে সে মাদকসেবী ছিল। শুক্রবার আলমগীরের বন্ধুরা তাঁকে ডেকে নিয়ে যায়। ইস্টার্ন হাউজিং বাড়ি মালিক সমিতির এক নেতা বলেন, ডাকাতদের দৌরাত্ম্যে তাঁরা অতিষ্ঠ। মাঝেমধ্যেই ইস্টার্ন হাউজিং এলাকায় ডাকাতি হচ্ছে। ডাকাতদের আক্রমণ থেকে মুক্তি পেতে বাড়িওয়ালারা রাত জেগে পাহারা দিচ্ছেন। দুই দিন আগেও সি ব্লকে ডাকাতি হয়। শুক্রবার মধ্যরাতে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ডাকাত পুলিশের গুলিতে মারা যায়।আলমগীর তাঁর মা-বাবার সঙ্গে রূপনগর টিনশেড কলোনিতে থাকতেন। তাঁর বাবা মরহুম আবুল খায়ের।