পল্লবীতে বিহারি ক্যাম্পের অবস্থানের বিষয়ে স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীতে বিহারি ক্যাম্প এলাকার বাসিন্দা অবাঙালিদের অবস্থানের বিষয়ে ছয় সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ। সঙ্গে ছিলেন হাফিজুর রহমান খান।
আদেশের পর হাফিজুর রহমান খান সাংবাদিকদের বলেন, আদালত পল্লবী ক্যাম্পে অবস্থানের ওপর উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন। এর ফলে বিহারি ক্যাম্পের অবাঙালি বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পেলে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে হবে।
পল্লবীসহ দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পে বসবাসরত উর্দুভাষীদের উচ্ছেদ করার পদক্ষেপের বিরুদ্ধে করা রিট আবেদন গত ২৯ মার্চ পর্যবেক্ষণসহ খারিজ করেন হাইকোর্ট।