পল্লবীতে বোমা বিস্ফোরণে যুবকের কবজি ছিন্নভিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বোমা বিস্ফোরণে আহত সুমন (২২) নামের এক যুবকের কবজি ছিন্নভিন্ন হয়ে গেছে। পুলিশ ধারণা করছে, সুমন নিজেই ওই বোমাটি বহন করছিলেন। তাঁকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, মিরপুর-৭ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের ১০৩-১০৪ নম্বর বাসায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাসার তিনতলার একটি কক্ষে কথিত দুই মামাসহ ভাড়া থাকতেন সুমন। গতকাল সকালে সিঁড়ি দিয়ে নামার সময় নিচতলায় সিঁড়ির গোড়ায় বোমাটি বিস্ফোরিত হয়। এতে সুমনের ডান হাতের কবজি ছিন্নভিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর মুখে ও বুকে আঘাত লাগে। পুলিশের ধারণা, সুমন বোমাটি বহন করার সময় সেটি তাঁর হাতেই বিস্ফোরিত হয়। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর সুমনকে হাসপাতালে নিয়ে যান তাঁর কথিত দুই মামা। বাসার নিচতলার বাসিন্দা আকবর হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, সুমন প্রায় এক বছর ধরে তিনতলায় থাকেন। তিনি একটি বায়িং হাউসে কাজ করতেন বলে সবাই জানেন। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন জানান, বিস্ফোরণস্থল থেকে যে আলামত পাওয়া গেছে, তাতে মনে হয়েছে, এটি ককটেল জাতীয় বোমা। সুমনের ঘরে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কোনো কিছু পায়নি পুলিশ। সুমন বোমা নিয়ে কোথায় যাচ্ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।