পল্লবীতে ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর বাউনিয়া বাঁধে শনিবার মধ্যরাতে ইউনুস আলী (৪০) নামের একজন ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মিরপুর ১১ নম্বরের বেকারি ব্যবসায়ী ইউনুস আলী শনিবার দিবাগত রাত একটার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বাউনিয়া বাঁধের ই-ব্লকে পাঁচ ছিনতাইকারী অস্ত্রের মুখে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। ছিনতাইকারীরা একপর্যায়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে সাতটি গুলি করে সঙ্গে থাকা তিন লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে চিকিত্সাধীন ইউনুস আলী বলেন, বিক্রি শেষে দোকানের তিন লাখ টাকা ব্যাগে নিয়ে তিনি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বাউনিয়া বাঁধের বাসার কাছে পাঁচ ছিনতাইকারী তাঁকে ঘিরে ফেলে। তারা অস্ত্রের মুখে টাকাসহ ব্যাগ নিয়ে যায়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আহত ব্যবসায়ীর পক্ষ থেকে থানায় কেউ মামলা করতে আসেননি।