পল্লবীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার, দুটি অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লবীতে জাহানারা বেগম (৫০) নামের এক গৃহবধূকে গতকাল মঙ্গলবার কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে পুলিশ তাঁর স্বামী আবদুল হালিমকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নগরে গত সোমবার রাতে সদ্য বিবাহিত এক গৃহবধূ ও এক স্কুলছাত্রের অপমৃত্যু হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাহানারা স্বামী-সন্তানের সঙ্গে মিরপুর ১২ নম্বরের একটি বাসায় থাকতেন। গতকাল দুপুরে ভাত রান্না করা না-করাকে কেন্দ্র করে স্বামী হালিমের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হালিম কুড়াল দিয়ে জাহানারাকে এলোপাতাড়ি কোপ মারতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বেলা তিনটার দিকে তিনি মারা যান।নিহত জাহানারার ছেলে মো. সেলিম সাংবাদিকদের বলেন, তাঁর বাবা বদমেজাজি হওয়ায় যেকোনো বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করতেন।পল্লবী থানার এসআই মিজানুর রহমান বলেন, হালিমকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। জাহানারার গ্রামের বাড়ি চাঁদপুরে।এদিকে, গত সোমবার রাতে রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে মোছাম্মৎ ইয়াছমিন (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রূপনগর থানার ওসি সিকদার মোহাম্মদ শামীম হোসেন বলেন, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।সবুজবাগ থানার ওসি কাইয়ুম আলী সরদার বলেন, গত সোমবার রাতে সবুজবাগের পূর্ব মাদারটেকের একটি বাসা থেকে ইসরাক রায়হান (১০) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, লেখাপড়া করতে না বসায় গত সোমবার রাতে তার মা তাকে মারধর করেছিলেন। ওসি বলেন, প্রাথমিক তদন্তে একে আত্মহত্যা বলে মনে হচ্ছে।