পল্লবীর বস্তিতে আগুন একই পরিবারের চারজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে একটি বস্তিতে গতকাল শনিবার ভোরে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস সূত্র। দগ্ধ ব্যক্তিরা হলো, আম্বিয়া খাতুন (৫০), তাঁর মেয়ে আমেনা খাতুন (২০) এবং নাতনি মিতু আক্তার (১১) ও শিউলি আক্তার (৯)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবীর মিরপুর ১০ নম্বরে প্যারিস রোডের মিল্ক ভিটা বস্তিতে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে অনেকেই বের হয়ে এলেও ওই চারজন দগ্ধ হয়। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে বস্তির ২৫টি ঘর পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হবে।