পশুর সরবরাহ অনেক, বিক্রি জমবে দু-এক দিনের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এ পর্যন্ত পশুর বেশ সরবরাহ দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আজকালের মধ্যে হাটগুলো পুরোপুরি জমে উঠবে। গতকাল দুপুর থেকে গাবতলী, শেরেবাংলা নগরের আগারগাঁও, তালতলা, আজিমপুরসহ কয়েকটি হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে ট্রাকে গরু, মহিষ, ছাগল ও ভেড়া আসছে। আসছে কিছু উটও। চোখের সামনে কিছুক্ষণের মধ্যেই হাটগুলো পশুতে প্রায় ভরে যেতে দেখা গেল। তবে ক্রেতা বা দর্শনার্থীর সংখ্যা সংগত কারণেই তুলনামূলকভাবে কম ছিল। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তাদের ভিড় বাড়বে। গতকাল হাটগুলো ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ক্রেতার নজর মাঝারি আকৃতির পশু কেনার দিকে। যাঁরা পশু কেনার চেষ্টা করেছেন তাঁরা সারা হাট ঘুরে দর-কষাকষি করে সাধ ও সাধ্যের মিলন ঘটাতে ব্যস্ত ছিলেন। গাবতলীর হাটে আসা পশু ব্যাপারি খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি গত শনিবার রাতে কয়েকটি ষাঁড়সহ এক ট্রাক গরু এনেছেন। রোববার সকালে মাঝারি আকারের একটি গরু বিক্রি করেছেন ৩৭ হাজার টাকায়। খলিলুর রহমান বলেন, ‘বেচাকেনা শুরু হয়েছে, তবে ক্রেতা এখনো কম। সোমবার থেকে পুরোদমে বিক্রি শুরু হবে বলে আশা করি।’আজিমপুর থেকে পশু কিনতে গাবতলী এসেছিলেন সরকারি কর্মকর্তা মো. হেলালউদ্দিন। তিনি বললেন, আজিমপুরের পশুর হাট ঘুরে এখানে এসেছেন কমদামে গরু কিনতে। কিন্তু আজিমপুরের সঙ্গে এই হাটের দামের তেমন একটা তফাত নেই। তিনি গাবতলী হাটে মাঝারি আকারের একটি গরু ৩৫ হাজার টাকা পর্যন্ত বলেছেন। কিন্তু ব্যাপারি বলছেন ৪০ হাজারের কমে বিক্রি করবেন না। গাবতলীর ব্যাপারি শওকত আলী জানান, কুষ্টিয়ায় তাঁর গরুর খামার রয়েছে। প্রতিবছরের মতো এবারও তিনি নিজ খামারের পাকিস্তানি জাতের বড় ষাঁড় এনেছেন। শওকত আলী গতকাল একেকটি ষাঁড়ের দাম হাঁকেন সাত থেকে ১০ লাখ টাকা করে। আবুল বাশার নামের এক ক্রেতা একটি ষাঁড়ের দাম বলেছেন তিন লাখ টাকা। শওকত সাফ জানিয়ে দিয়েছেন, ছয় লাখের কমে বেচবেন না। গাবতলী গরুর হাটে গতকাল ১০টি উট দেখা যায়। বিদেশ থেকে আসা বিচিত্রদর্শন প্রাণীটি ঘিরে উৎসুক মানুষের ভিড়। একটি উটের তত্ত্বাবধানকারী নূর মোহাম্মদ জানান, দুই বছর আগে গাবতলী হাট থেকেই তাঁকে কেনা হয়েছিল। নূর মোহাম্মদ বললেন, ১২ লাখ টাকা দাম চেয়েছেন। এ পর্যন্ত দাম উঠেছে পাঁচ লাখ। আগারগাঁওয়ের তালতলা গরুর হাটে কথা হলো রায়েরবাজারের বাসিন্দা বাচ্চু মোল্লার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ঝামেলা এড়াতে ও কম দামের আশায় আগেভাগে গরু কিনতে এসেছেন। আগারগাঁওয়ে বেতার কেন্দ্রসংলগ্ন এলাকায় সড়কের পাশে পশুর হাট বসেছে। সেখানে এবং আজিমপুরের চিত্রও প্রায় একই। নিরাপত্তাব্যবস্থা: রাজধানীর স্থায়ী এবং সবচেয়ে বড় পশুরহাট গাবতলী ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। হাটের প্রধান ফটকে পুলিশ ও র্যা বের নিয়ন্ত্রণ কক্ষ। একটু ভেতরে রয়েছে পুলিশ ক্যাম্প। দারুসসালাম থানার টহল পরিদর্শক তৈয়াবুর রহমান প্রথম আলোকে বলেন, এ হাট ঘিরে রয়েছে পুলিশের সাতটি চৌকি। পুলিশের ২২টি দল পশুরহাট ও গাবতলী টার্মিনাল টহল দেবে। হাসিলকেন্দ্রে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ছয়টি জাল টাকা শনাক্তকরণ যন্ত্র সরবরাহ করেছে। ‘অজ্ঞান পার্টি’ ও ‘মলমপার্টি’র তৎপরতা রোধে সাদা পোশাকের পুলিশ টহল দেবে।