পশুর হাটে থাকবেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তিনি বলেছেন, পশুর হাটকে কেন্দ্র করে করোনা মহামারি যাতে বিস্তার লাভ করতে না পারে, এ জন্য ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সার্বক্ষণিকভাবে হাটগুলো তদারকি করবে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে পশুর হাট ব্যবস্থাপনাবিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

ডিএসসিসির মেয়র বলেন, পশুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের নির্দেশনা দেওয়া হবে। হাট পরিচালনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ এসব নির্দেশনা ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তাপস জানান, অস্থায়ী এসব পশুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে। গরু কেনা-বেচায় একটি গরু থেকে কতটুকু দূরত্বে আরেকটি গরু রাখতে পারবে, সেটাও আমরা চিহ্নিত করে দেব। আর হাটগুলোতে একমুখী চলাচল নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হবে।

স্থানীয় সরকারমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডিএসসিসির মেয়র তাপস বলেন, ‘মন্ত্রণালয়ের সঙ্গে করপোরেশনের চমৎকার সমন্বয়ের ফলে আমাদের কাজের গতিশীলতাও অনেক বৃদ্ধি পেয়েছে।’ এই সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, করপোরেশনের সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।