পশুর হাটের আয়ের কর দিচ্ছে না সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাজধানীর কুতুবখালীতে বসেছিল পশুর অবৈধ এই হাট। ব্যবসা করে চলে গেছেন হাটওয়ালারা। গতকালও পড়ে ছিল হাটের আবর্জনা l ছবি: প্রথম আলো
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাজধানীর কুতুবখালীতে বসেছিল পশুর অবৈধ এই হাট। ব্যবসা করে চলে গেছেন হাটওয়ালারা। গতকালও পড়ে ছিল হাটের আবর্জনা l ছবি: প্রথম আলো

২০০৮ সাল থেকে রাজধানীতে কোরবানির পশুর হাটের আয় থেকে সরকারকে কর দিচ্ছে না ঢাকা সিটি করপোরেশন। নিরীক্ষা বিভাগ বকেয়া কর পরিশোধের জন্য তাগাদা দিলেও সিটি করপোরেশন নানা অজুহাত দেখাচ্ছে।
ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) সূত্রগুলো বলছে, ২০০৮ সালে রাজধানীতে অস্থায়ী পশুর হাটের ইজারা মূল্য ও অন্যান্য আয়ের ওপর কর পরিশোধের নীতিমালা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। কিন্তু নীতিমালা প্রণয়নের পর থেকে আজ পর্যন্ত তা অনুসরণ করেনি সিটি করপোরেশন।
সূত্র জানায়, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর অস্থায়ী হাট ও গাবতলীর স্থায়ী হাটের ইজারা বাবদ সিটি করপোরেশন প্রতিবছর গড়ে প্রায় ১০ কোটি টাকা করে আয় করে। সেখানে কর বাবদ বছরে প্রায় গড়ে এক কোটি টাকা করে সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দাবি, সিটি করপোরেশন দুই ভাগ হয়ে যাওয়ার পর থেকে তারা নিয়মিত কর দিচ্ছে। আর ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বকেয়া করসংশ্লিষ্ট নথিপত্র না থাকায় পরিশোধ করা যাচ্ছে না। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দাবি, তারা সেবামূলক প্রতিষ্ঠান। এ জন্য তারা কর রেয়াত চায়।
তবে এসব যুক্তি মানতে নারাজ নিরীক্ষা বিভাগ। তারা বকেয়া কর পরিশোধের জন্য দুই সিটি করপোরেশনকে তাগাদা দিচ্ছে। সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটিও গত আগস্টে সিটি করপোরেশনের এসব যুক্তিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে বকেয়া কর পরিশোধের নির্দেশ দিয়েছে। যদিও তা এখনো পরিশোধ হয়নি।
গাবতলীতে রাজধানীর একমাত্র স্থায়ী পশুর হাট বর্তমানে ডিএনসিসির অধীনে। এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বছর ১৬টি অস্থায়ী পশুর হাট বসে। এর মধ্যে ডিএসসিসিতে নয়টি এবং ডিএনসিসিতে সাতটি পশুর হাট ইজারা দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি জারি করা হাটবাজার ইজারা নীতিমালা অনুসারে, হাটবাজারের খাস আদায়কৃত অর্থের ১৫ শতাংশ হারে অর্থ মূল্য সংযোজন কর (মূসক) বাবদ এবং ৫ শতাংশ অর্থ আয়কর বাবদ সরকারি খাতে জমা দিতে হবে। ঈদ বা অন্য কোনো বিশেষ উপলক্ষে অস্থায়ী হাটবাজারের ইজারা মূল্যের ওপর ২০ শতাংশ অর্থ রাজস্ব (ভূমি-৭) খাতে জমা দিতে হবে। ইজারা দেওয়ার সাত কার্যদিবসের মধ্যে ওই অর্থ সরকারি খাতে জমা দিতে হবে।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় (সিএজি) সূত্র জানায়, ঢাকা সিটি করপোরেশনের সম্পদ বিভাগের হাটবাজার ইজারার নথি যাচাই করে দেখা গেছে, ২০০৮ সালে রাজধানীতে কোরবানির পশুর অস্থায়ী হাটের ইজারা মূল্যের ওপর ২০ শতাংশ অর্থ বাবদ প্রায় এক কোটি ৩০ লাখ টাকা রাজস্ব খাতে জমা দেওয়া হয়নি। ওই বছরই গাবতলীর স্থায়ী পশুর হাটের খাস আদায় হয় প্রায় দুই কোটি দুই লাখ টাকা। ওই আয়ের ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ৫ শতাংশ আয়কর বাবদ ৪০ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা। কিন্তু তা করা হয়নি। ২০০৯ সালে রাজস্ব খাতে প্রায় ৭২ লাখ টাকা কর বকেয়া পড়ে।
ডিএসসিসি সূত্র জানায়, কোরবানির পশুর হাট ইজারা দিয়ে ২০১০ সালে ১১ দশমিক ২৩ কোটি ও ২০১১ সালে ১২ দশমিক ২৯ কোটি টাকা আয় করেছে সিটি করপোরেশন। ওই আয়ের ওপর মূসক, আয়কর এবং ভূমি রাজস্ব—কোনোটাই পরিশোধ করা হয়নি।
জানতে চাইলে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোর কাছে স্বীকার করেন, কোরবানির পশুর হাটের আয় থেকে নির্ধারিত করগুলো তাঁরা পরিশোধ করছেন না। তবে তিনি যুক্তি দেখান, সিটি করপোরেশন সেবামূলক প্রতিষ্ঠান এবং এর নিজস্ব আয় থেকে সেবাদানের ব্যয় নির্বাহ করে। এ জন্য হাটবাজার ইজারার আয়কে সিটি করপোরেশনের নিজস্ব আয় হিসেবে বিবেচনা করে কর রেয়াতের জন্য তাঁরা নিরীক্ষা বিভাগকে বোঝানোর চেষ্টা করছেন।
খালিদ আহমেদ আরও দাবি করেন, কোরবানির দিন রাজধানীতে বিপুল পরিমাণ পশুর বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত অর্থ সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় হয়। এ কারণেও তাঁরা ইজারার আয়ের কর রেয়াত চান।
আর ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোর কাছে দাবি করেন, ২০১১ সালের পর থেকে হাটবাজার ইজারার কর তাঁরা নিয়মিত পরিশোধ করছেন। তবে এর আগের বছরগুলোর বকেয়া কর পরিশোধ করা ডিএনসিসির জন্য জটিল। কারণ, সিটি করপোরেশন বিভক্ত হওয়ার পর সব নথিপত্র ডিএসসিসি কার্যালয়ে (নগর ভবন) সংরক্ষিত। ওই নথি সংগ্রহ করে কর পরিশোধ করা সময়সাপেক্ষ।
গত ২৭ আগস্ট সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটিকেও কর পরিশোধ না করার একই যুক্তি দেখিয়েছে দুই সিটি করপোরেশন। তবে মন্ত্রণালয় কোনো বক্তব্যই গ্রহণ করেনি, বরং নিরীক্ষা বিভাগের সুপারিশ অনুসারে বকেয়া কর আদায়ের নির্দেশ দিয়েছে।