পশ্চিম নাখালপাড়া-তেজকুনিপাড়া ভাঙা রাস্তায় ভোগান্তি
ভাঙা সড়কের কারণে ভোগান্তি পোহাচ্ছেন রাজধানীর পশ্চিম নাখালপাড়া ও তেজকুনিপাড়ার বাসিন্দারা। কোনো রাস্তা খানাখন্দে ভরা, কোনোটিতে কার্পেটিং নেই। এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তা খারাপ।
গতকাল রোববার গিয়ে দেখা যায়, তেজকুনিপাড়া, তেজকুনিপাড়া রেলওয়ে কলোনি মার্কেট, পশ্চিম নাখালপাড়া রোড (লুকাস মোড়ের আগে) ও রেলগেটের আশপাশের অনেক রাস্তাই ভাঙা, খানাখন্দে ভরা। তেজকুনিপাড়া রেলওয়ে কলোনি মার্কেট থেকে নাখালপাড়া যাওয়ার পুরো রাস্তাই এবড়োখেবড়ো। ঝাঁকি খেতে খেতে রিকশা-গাড়িগুলো সড়ক দিয়ে চলছে। তেজকুনিপাড়া থেকে পশ্চিম নাখালপাড়ার লুকাস মোড়ে যাওয়ার রাস্তায় কোনো কার্পেটিং নেই। ভাঙা রাস্তাটিতে সুরকি ফেলে গর্ত ভরাট করা হয়েছে। পুরো সড়কটিই ধুলায় ধূসরিত। কাপড়ে নাক ঢেকে পথচারীদের চলাচল করতে দেখা যায়। নাখালপাড়া রেলগেট এলাকায়ও অনেক রাস্তার কার্পেটিং নেই। সড়কের কোথাও কোথাও গর্ত তৈরি হয়েছে।
পশ্চিম নাখালপাড়া ও তেজকুনিপাড়া এলাকা দুটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে পড়েছে। জানতে চাইলে ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি হবে বলে রেলগেটের পাশের রাস্তা এখন ঠিক করা হচ্ছে না। বাকি রাস্তাগুলো দ্রুতই সংস্কার হবে।