পশ্চিম শেওড়াপাড়ার দুঃখ ওয়াসা রোড
এমনিতেই সরু রাস্তা। তার ওপর রাস্তায় রয়েছে অসংখ্য ছোটখাটো গর্ত। এ রাস্তায় ঠিকমতো হাঁটা যায় না, হোঁচট খেতে হয়। আর বর্ষাকালে রাস্তায় জমে থাকে পানি। আবার এলাকার পয়োনিষ্কাশন সংযোগ লাইন প্রায়ই নষ্ট থাকে বলে ময়লা পানি রাস্তায় জমে যায়। এটি রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা রোড।এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তায় অনেক গর্ত। দিনের বেলায় দেখেশুনে চলাচল করা সম্ভব হলেও রাতের বেলায় হাঁটতে সমস্যায় পড়ে এলাকাবাসী। খেয়াল করতে না পারায় ইতিমধ্যে বেশ কয়েকজন দুর্ঘটনার শিকারও হয়েছে। পানির দুর্গন্ধে ঘর থেকেও বের হতে চায় না অনেকে। গতকালের সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়। নষ্ট সুয়ারেজ লাইনের ময়লা মেশে এর সঙ্গে। এলাকাবাসীকে রাস্তার একপাশ ধরে হাঁটাচলা করতে দেখা যায়। যান চলাচলেও বিঘ্ন ঘটে। যানবাহনের ছিটকে আসা পানিতে নাকাল হয় এলাকাবাসী। এরই মধ্যে চোখে পড়ে বাড়ি তৈরির নির্মাণসামগ্রী রাস্তা দখল করে আছে। এলাকার বাসিন্দা চাকরিজীবী রেজাউল করিম বলেন, রাস্তাটি খুব সরু হওয়ায় একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে পারে না। দুটি গাড়ি মুখোমুখি হয়ে গেলে ভয়াবহ যানজট লেগে যায়।