পাঁচ তরুণ পাবে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নতুন ধরন বা কায়দা অনেক সময় ক্রিকেট ম্যাচের মোড়ই ঘুরিয়ে দেয়। তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তেমনই অভিনব কৌশল বের করায় উৎসাহিত করতে গতকাল মঙ্গলবার থেকে পেপসি শুরু করেছে ‘চেঞ্জ দ্য গেম’ প্রচারাভিযান। আর এতে সৌভাগ্যবান পাঁচজন পাবেন মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ।আসন্ন ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে নতুন এ প্রচারাভিযান শুরু করা হয়েছে। গতকাল রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কর্মকর্তারা এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই প্রচারাভিযান চলবে। এতে অংশ নেওয়া সেরা পাঁচজন পুরস্কার হিসেবে পাবেন ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল খেলা মাঠে বসে দেখার সুযোগ।প্রসঙ্গত, পেপসি এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অন্যতম স্পন্সর ও অফিসিয়াল পানীয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বকাপ উপলক্ষে পেপসির বোতলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবালের ছবিযুক্ত নতুন লেবেল লাগানো হয়েছে। এই লেবেলযুক্ত বোতলের ঢাকনার নিচে একটি কোড নম্বর থাকবে। প্রচারাভিযানে অংশ নিতে ইচ্ছুকদের ওই নম্বরটি ৬৯৬৯ নম্বরে এসএমএস করতে হবে। প্রতিটি এসএমএস এক রান হিসেবে বিবেচিত হবে। সেরা পাঁচজনের ফাইনাল দেখার পুরস্কার ছাড়াও বেশি স্কোরকারীরা জিতে নেবেন গ্রুপ ও কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিট। আটজন পাবেন পানি পানের বিরতির সময় পেপসি কার্ডের সঙ্গে মাঠে গিয়ে দেশের খেলোয়াড়দের কাছাকাছি হওয়ার সুযোগ। অন্য আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে এলসিডি টিভি, ল্যাপটপ, অটোগ্রাফসহ ক্রিকেট ব্যাট, টি-শার্ট ও নিশ্চিত পুরস্কার প্লেয়ার কার্ড। সংবাদ সম্মেলনে ট্রান্সকম বেভারেজ লিমিটেডের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী বলেন, ‘পেপসির এবারের প্রচারাভিযানটি অন্যবারের চেয়ে একটু আলাদা। এবার এমন একটি সময় প্রচারাভিযান হচ্ছে, যখন দেশের মাটিতেই বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এবারের প্রচারাভিযানের আয়োজন করা হয়েছে।’ পেপসিকো বাংলাদেশের দেশীয় ব্যবস্থাপক প্রতীক সাভারওয়াল বলেন, ‘তরুণদের নিজেদের জীবনের গেম চেঞ্জ করার ক্ষেত্রে পেপসির এই নতুন প্রচারাভিযানটি উদ্বুদ্ধ করবে।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল, ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক গোলাম কুদ্দুস চৌধুরী, মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার আরিফ হোসাইন, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের নির্বাহী পরিচালক ফেরদৌস হাসান প্রমুখ বক্তব্য দেন।