ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গণ-মাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে পুলিশের পাঁচ কর্মকর্তাকে তলব করেছেন আদালত। ঢাকার মহানগর হাকিম এম এ সালাম গতকাল সোমবার এই আদেশ দেন।পুলিশের এই পাঁচ কর্মকর্তা হলেন: পুলিশের রমনা বিভাগের উপকমিশনার নুরুল ইসলাম, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম, উপপরিদর্শক নূর হোসেন (জব্দ তালিকা প্রস্তুতকারী) ও রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক শাফিয়ার রহমান। তাঁদের ৬ ডিসেম্বর আদালতে হাজির হয়ে এ বিষয়ে লিখিত কারণ দর্শাতে বলা হয়েছে।আদেশে বলা হয়, যেভাবে গণমাধ্যমের সামনে জাবেদ ইমামকে হাজির করা হয়েছে, তা আইনের পরিপন্থী। পুলিশ বিচার বিভাগকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে এই ‘মিডিয়া ট্রায়াল’ করেছে, যা গুরুতর অন্যায়। পুলিশ কোনো আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নিতে পারে না। এর মাধ্যমে বিচারের আগেই তাঁকে অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা কোন আইনে এটি করেছেন? এতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।আদেশে আরও বলা হয়, যদি কোনো আসামি দোষ স্বীকার করতে চান, তবে তাঁকে আদালতে হাজির করতে হবে। পুলিশ তা না করে আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করেছে এবং স্বীকারোক্তি দিতে বাধ্য করেছে, যা আইনের পরিপন্থী।এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, আইন মন্ত্রণালয় বিচারক জাবেদ ইমামকে সাময়িক বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার যে প্রস্তাব পাঠিয়েছে, তা নিয়ে গতকাল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ (জিএ) কমিটির বৈঠকে আলোচনা হয়। বৈঠকে তাঁকে সাময়িক বরখাস্তের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এটি কার্যকর হবে ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ কমিটির সভায় অনুমোদনের মাধ্যমে।গত শনিবার ইডেন কলেজের সামনে একটি মাইক্রোবাস থেকে পুলিশ ৩৪২ বোতল ফেনসিডিল ও একটি রিভলবার উদ্ধার করে। ওই গাড়ি থেকে জাবেদ ইমামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিউমার্কেট থানার পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে। রোববার জামিনের আবেদন নাকচ করে আদালত জাবেদ ইমামকে কারাগারে পাঠান।