পাঁচ বছর পর জেএমবির পলাতক আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গ্রেপ্তার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোর জেলার অভয়নগরের সুন্দলীবাজার এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জেএমবি সদস্যের নাম মেহেদী হাসান (৩০)। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়।  

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সূত্র জানায়, মেহেদী হাসানের বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় ২০১৭ সালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি তিনি।

এটিইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, জেএমবির সক্রিয় সদস্যদের নিয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী এবং নাশকতামূলক কার্যক্রম চালাতে গোপন বৈঠক হয় লালমনিরহাট জেলার হাতীবান্ধা টংভাঙ্গা এলাকায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান মেহেদী হাসান। দীর্ঘ পাঁচ বছর তিনি যশোরসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পলাতক অবস্থায় বিভিন্ন জঙ্গি তৎপরতায় তাঁর অংশগ্রহণের প্রমাণ পাওয়া গেছে।