পাঁচ মাসেও অন্ধকারে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণখানের সৈয়দনগরে গত ৩১ জুলাই নিজ বাড়িতে খুন হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার নাছির উদ্দিন (৬৩) ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার (৫৮)। কিন্তু পাঁচ মাস হয়ে গেলেও অপরাধীদের এখনো শনাক্ত করা যায়নি।পরিবারের অভিযোগ, তদন্তে কর্মকর্তাদের চরম অবহেলাই এর একমাত্র কারণ। দক্ষিণখান থানার পুলিশ অবহেলার কথা অস্বীকার করলেও মামলার কোনো সুরাহা করতে না পারার কথা স্বীকার করেছে। সম্প্রতি মামলাটি ঢাকা মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রমজান মাসে বিকেলবেলা নিজ বাড়ি ‘মুক্তনীড়ে’ দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে নাছির উদ্দিনকে ও শ্বাসরোধে মাহমুদাকে হত্যা করে। রাতে ঘটনাস্থলে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের কাছে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ ঘটনায় সিআইডির কর্মকর্তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন নিহত দম্পতির বড় ছেলে সালাউদ্দিন। থানা-পুলিশের পাশাপাশি র্যা বের কর্মকর্তারাও তদন্ত কার্যক্রম শুরু করেন। বাসা থেকে মূল্যবান কোনো কিছু খোয়া না যাওয়ায় তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা তখন প্রাথমিকভাবে ধারণা করেছিলেন, জায়গাজমিসংক্রান্ত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। র্যা ব সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আটক ব্যক্তিদের মধ্যে আসাদুল্লাহ ও আবদুল খালেক নামের দুজনকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিন্তু তদন্তকারী কর্মকর্তারা এখনো জানতে পারেননি, আসলে এ ঘটনায় প্রকৃত জড়িত কারা এবং এই হত্যাকাণ্ডের কারণই বা কী। শেষমেশ মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।মামলার বাদী সালাউদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এত দিনেও মামলার কোনো সুরাহা না হওয়াটা পুলিশ ও র্যা বের ব্যর্থতা। এতে অবশ্যই তাদের অবহেলা ছিল। এখন ডিবি কী করে, দেখা যাক।’ হত্যাকাণ্ডে ব্যবহূত বঁটি থেকে কোনো আলামত সংগ্রহ ও তা জব্দ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন। মামলার সাবেক তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মো. কায়কোবাদ বলেন, ‘আমরা সবাই মিলে চেষ্টা করেছি, কিন্তু কোনো ক্লু (সূত্র) বের করতে পারিনি। গ্রেপ্তার দুজন জড়িত কি না, তাও জানি না।’ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, তদন্ত চলছে। সরেজমিন: গতকাল দুপুরে সৈয়দনগরে গিয়ে দেখা যায়, ওই বাসা ও সীমানাপ্রাচীরের প্রধান ফটক তালাবদ্ধ। বাসার বাইরে একটি বাতি জ্বলছে। স্থানীয় লোকজন জানান, ঘটনার কয়েক দিন পর থেকেই বাসায় কেউ থাকেন না। গ্রেপ্তার হওয়া আসাদুল্লাহ ও আবদুল খালেক সম্প্রতি জামিনে বের হয়েছেন। আসাদুল্লাহ প্রথম আলোর কাছে দাবি করেন, নাছির উদ্দিন তাঁর বাবার কাছ থেকে জমি কিনে বাড়ি করেছিলেন। হয়তো এ কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। আবদুল খালেকের স্ত্রী হামিদা আক্তার বলেন, নাছির উদ্দিনের বাসার পাশে খালেকের দোকান ছিল। এ জন্য তাঁকেও সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। ঘটনায় খালেক জড়িত নন। স্থানীয় লোকজন বলেন, পুলিশ এ ঘটনায় যাকে-তাকে ধরে নিয়ে যায়। প্রকৃত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে তাঁদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান তাঁরা।