পাঁচ সেমাই কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং লাইসেন্স না করে বিএসটিআই সিএমের মানচিহ্ন ব্যবহার করার দায়ে পাঁচটি সেমাই কারখানাকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একটি খাবারের দোকান, একটি পানি বিশুদ্ধকরণ প্রতিষ্ঠান ও তিনটি ফলের দোকানকে বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার র‌্যাব, বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আলাদা আলাদা ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকা, মিরপুর ও লালবাগে ওই অভিযান চালান।র‌্যাব জানায়, গত রোববার র‌্যাব-১০ পুরান ঢাকার বিভিন্ন সেমাই ও নুড্ল্স কারখানায় অভিযান চালায়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অপরাধে সৌদিয়া ও লিলি সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা করে এবং ম্যাগি ও ফুজি নুড্ল্স কারখানাকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এ ছাড়া চকবাজারের আলাউদ্দীন সেমাই কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা থেকে আটক করা হয়েছে মালিক মোশাররফ হোসেনের ছেলে কাজী সুমনকে। জরিমানা অনাদায়ে তাঁকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অন্যদিকে, বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, গতকাল লাইসেন্স না করে বিএসটিআই সিএম মানচিহ্ন ব্যবহার করায় লালবাগের আল আমিন ফুডকে এক লাখ টাকা জরিমানা করা হয়।খাবারে রং মেশানোর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে কাঁটাবনের ওয়েস্টার্ন ক্যাফেকে।লাইসেন্স নবায়ন না করে খাওয়ার পানি উৎপাদন করার অপরাধে কাজীপাড়ার অরিজিন ফুড অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও দুটি ফলের দোকানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।