পাঁচ স্তরের নিরাপত্তায় ঢাবিতে মঙ্গল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রা টিএসসি থেকে বের হয়
ছবি: সাজিদ হোসেন

বাংলা নতুন বছরকে বরণ ও স্বাভাবিক পরিস্থিতি ধরে রাখার প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ছিল পাঁচ স্তরের কঠোর নিরাপত্তাবলয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার নানা ব্যবস্থা ছিল। তবে এত কড়াকড়ির মধ্যেও কয়েক বছরের চেয়ে বেশি মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল ‘নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

আজ পয়লা বৈশাখ উপলক্ষে সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার সড়কদ্বীপের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শুরুর ১০ মিনিট আগে বেজে ওঠে ঢাক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন–সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বর ঘুরে আবার টিএসসিতে এসে শোভাযাত্রা শেষ হয় সকাল ৯টা ২৫ মিনিটে। এরপর শোভাযাত্রায় প্রদর্শিত শিল্পবস্তু নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে যাওয়ার পর ঢাকের তালে উচ্ছ্বাসে মাতেন শিক্ষার্থীরা।

মোটরসাইকেলে র‍্যাবের একটি দল ছিল মঙ্গল শোভাযাত্রার অগ্রভাগে। তাদের পেছনে ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর ছিলেন পুলিশের সোয়াত টিম, পুলিশ ও ডিবির সদস্যরা। তাঁদের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, সহ-উপাচার্য মুহাম্মদ সামাদ ও এ এস এম মাকসুদ কামাল, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, চারুশিল্পী সংসদের নেতা কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় ছিলেন বিপুলসংখ্যক মানুষ। শোভাযাত্রার পেছনে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে ছিল তল্লাশিচৌকি। কড়া নিরাপত্তায় উৎসবের আনন্দ ছিল বাঁধভাঙা।

ঢাকের তালে আনন্দে মাতেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষেরা
ছবি: সাজিদ হোসেন

সব জেলা ছাপিয়ে আজ দেশের ৪৯৩টি উপজেলায় একযোগে মঙ্গল শোভাযাত্রা হয়েছে বলে জানান আয়োজকেরা।

মুখোশ, টেপাপুতুল, মাছ–পাখির প্রতিকৃতিসহ লোকসংস্কৃতির নানা উপাদান ছিল এবারের শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে টিএসসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘নতুন বছরে প্রত্যাশা থাকবে, আমাদের উন্নয়নের ধারা যেন চলমান থাকে। মানবিক ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটে। মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হোক। সবাইকে শুভ নববর্ষ।’ শোভাযাত্রা নির্বিঘ্নে শেষ হওয়ায় এ সময় সন্তোষ প্রকাশ করেন তিনি।

মঙ্গল শোভাযাত্রায় মুখোশ, টেপাপুতুল, মাছ ও পাখির প্রতিকৃতি।
ছবি: সাজিদ হোসেন

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণপদ রায়। তিনি বলেন, ‘পয়লা বৈশাখকে কেন্দ্র করে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ছায়ানট, রমনা বটমূলসহ সব জায়গায় নিরাপত্তাবলয় রয়েছে। চারদিকে ব্যারিকেড দিয়ে আটকানো হয়েছে। সাদাপোশাকের পুলিশ কাজ করছে। মঙ্গল শোভাযাত্রায় পুলিশের পাশাপাশি সোয়াত টিম ছিল। মানুষ উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপন করছে। দুপুর ১২টার পর তেমন কোনো অনুষ্ঠান নেই। তবে আমরা বিশেষ কিছু জায়গা থেকে মানুষজনকে চলে যেতে বলব।

আমরা সড়কগুলো খুলে দেব। মানুষ যে টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাস্তায় থাকতে পারবেন না, বিষয়টি এমন নয়। নিরাপত্তাব্যবস্থা শিথিল হয়ে আসবে।’

এক প্রশ্নের জবাবে কৃষ্ণপদ রায় বলেন, উৎসবকে কেন্দ্র করে সব সময় কিছু না কিছু ঝুঁকি থাকে। অতীতেও অনেক ঘটনা ঘটেছে। সব ঝুঁকির শঙ্কা মাথায় রেখেই ডিএমপি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে থাকে। ডিএমপি যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম। আশা করছি, দুষ্কৃতকারীরা কোনো অনিষ্ট করতে পারবে না। মঙ্গল শোভাযাত্রায় এবার পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল। এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে।

বৈশাখের সাজে অনেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন
ছবি: সাজিদ হোসেন

অনেক বছর ধরে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে ক্যাম্পাসে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ছাত্রী পুতুল। তিনি প্রথম আলোকে বলেন, ‘এবার অন্যান্যবারের চেয়ে মঙ্গল শোভাযাত্রায় মানুষের অংশগ্রহণ ছিল বেশি। এটা দেখে খুব ভালো লাগছে। এটা আমাদের আশাবাদী করছে, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। বাঙালি সংস্কৃতির জয় হোক।’

হাতিরঝিলে নেই আয়োজন

দেশে যেকোনো উৎসব-পার্বণে বর্ণিল রূপ দেখা যায় ঢাকার হাতিরঝিলে। পরিবার-স্বজনদের জন্য সময় কাটাতে এখানে আসেন অনেকেই। তবে আজ সকাল ১০টার দিকে হাতিরঝিল এলাকা অনেকটাই ফাঁকা ছিল। নববর্ষ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন চোখে পড়েনি। হাতে গোনা কয়েকজন এসেছিলেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে।

পাঁচ বছরের ছেলে আরিয়ান রহমানকে নিয়ে হাতিরঝিলে এসেছিলেন শরিফুর রহমান। আরিয়ানের মাথায় মোড়ানো কাপড়ে বড় বড় হরফে লেখা নববর্ষের শুভেচ্ছা। বাবা-ছেলে দুজনের পরনেই রঙিন পাঞ্জাবি। শরিফুর রহমান বলেন, তাঁদের বাসা বাড্ডা এলাকায়। সকালে ছেলেকে নিয়ে রমনায় গিয়েছিলেন নববর্ষ উদ্‌যাপনে। বাড়িতে ফেরার পথে ছেলেকে নিয়ে ঘুরছেন।

ঝিলের এক কোনায় বসে সেলফি তুলছেন নববিবাহিত যাবের দম্পতি। যাবের বলেন, বিয়ের পর এটাই তাঁদের প্রথম পয়লা বৈশাখ। নিরিবিলি সময় কাটানোর জন্য হাতিরঝিলে এসেছেন। এ এলাকায় পাঁচ-ছয় বছর থেকে ফেরি করে নানা জিনিস বিক্রি করেন মো. করিম। আজ তিনি এসেছেন ফুল নিয়ে। ফুলের মধ্যে বেশির ভাগই গোলাপ। করিম বলেন, গত দুই বছর থেকে পয়লা বৈশাখে লোকজন কম থাকে। আজ সকালেও তেমন মানুষজন নেই। সকাল সাতটা থেকে তিন ঘণ্টায় দেড় শ টাকার ফুল বিক্রি করেছেন তিনি। কথা বলতেই বলতেই দূর থেকে ‘এই ফুল’ বলে ডাক পড়ল করিমের। ফুল নিয়ে সেদিকে ছুটতে লাগলেন করিম।