পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের রেডিওলজি বিভাগের বিপুল পরিমাণ এক্স-রে ফিল্ম যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। ফলে টাকা ব্যয় করেও এক্স-রে ফিল্ম পাচ্ছে না রোগীরা। হাসপাতাল সূত্রে জানায়, গত অর্থবছরে হাসপাতাল কর্তৃপক্ষ দুই থেকে তিন দফায় রেডিওলজি বিভাগের কম্পিউটার রেডিওগ্রাফির (সিআর) প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে এক্স-রে যন্ত্রের পাঁচ হাজার ফিল্ম কিনেছিল। এক্স-রে ফিল্মগুলোর মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে উত্তীর্ণ হবে। কিন্তু সংরক্ষণের অভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব ফিল্ম নষ্ট হয়ে গেছে। জানা গেছে, রোগীর এক্স-রে করার পর স্ট্রে ভিউ বক্স (ভেতরে বাতিওয়ালা সাদা বাক্স) ছাড়া খালি চোখে এসব ফিল্মে কিছুই দেখা যাচ্ছে না। আবার অনেক সময় স্ট্রে ভিউ বক্সেও কিছু দেখা যাচ্ছে না। অভিযোগ পাওয়া গেছে, কম্পিউটার রেডিওগ্রাফি যন্ত্রের ফিল্ম শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষে রাখতে হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এগুলো সাধারণ ফিল্মের সঙ্গে রাখে। এতে ফিল্মগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এসব ফিল্ম দিয়ে কাজ করতে গিয়ে ওই বিভাগের লোকজন সমস্যায় পড়েন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গত রোববার রেডিওলজি বিভাগের কম্পিউটার রেডিওগ্রাফি যন্ত্র থেকে ২০০ টাকার বিনিময়ে একটি এক্স-রে করান চাঁদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী হুমায়ুন কবির। এক্স-রে করার পর সেটিতে কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিল্মটি রেডিওলজি বিভাগের একজন চিকিৎসককে দেখানো হয়। ওই চিকিৎসক স্ট্রে ভিউ বক্সের সাহায্যে ফিল্মটি দেখে ফলাফল নিরূপণ করেন। বেসরকারি প্রতিষ্ঠানে একই যন্ত্রের এক্স-রে ফি ২৫০ টাকা।রেডিওলজি বিভাগের এসি বিকল: রেডিওলজি বিভাগের সিটিস্ক্যান কক্ষে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র রয়েছে। একটি যন্ত্র প্রায় এক মাস আগে অকেজো হয়। অন্যটিও প্রায় দুই সপ্তাহ ধরে নষ্ট। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সিটিস্ক্যান যন্ত্র সার্বক্ষণিক শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে রাখার নিয়ম, অন্যথায় যন্ত্রটি অকেজো হয়ে পড়বে। রেডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, এক্স-রে ফিল্ম সংরক্ষণ কক্ষে নতুন শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র স্থাপন ও সিটিস্ক্যান কক্ষের যন্ত্র মেরামতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি প্রথমে মৌখিক ও পরে লিখিতভাবে জানানো হয়েছে। মিটফোর্ড হাসপাতালে কর্মরত গণপূর্ত ই/এম বিভাগের কার্যসহকারী নয়ন বাবু বলেন, সিটিস্ক্যান কক্ষের শীতাতপনিয়ন্ত্রণযন্ত্রের মেরামতের কাজ চলছে। দু-তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবাল বলেন, কম্পিউটার রেডিওগ্রাফি যন্ত্রের এক্স-রে ফিল্ম অকেজো হওয়ার খবর রেডিওলজি বিভাগ থেকে তাঁকে জানানো হয়। বিষয়টি নিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।