ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। একই সঙ্গে শ্রম আইন, ২০০৯ সংশোধনী বাতিল করে আইএলও কনভেনশন ’৮৭ অনুযায়ী শ্রম আইন, ২০০৬ সংস্কারের দাবিও জানান তাঁরা। গতকাল শনিবার বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কাছে পাঁচ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশের আগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পরিষদের উদ্যোগে সমাবেশ হয়। পরিষদের কেন্দ্রীয় নেতা এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা আমিরুল হক, মো. তৌহিদুর রহমান, সালাউদ্দিন স্বপন, সেলিম রেজা, রোকেয়া সুলতানা আঞ্জু প্রমুখ। সমাবেশ শেষে বাংলামোটরে বিকেএমইএ কার্যালয়ের উদ্দেশে মিছিল রওনা হলে পুলিশ বাধা দেয়। পরে পরিষদের এক প্রতিনিধিদল বিকেএমইএ কার্যালয়ে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি পেশ করে। লিখিত বক্তব্যে দ্রুত ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠন এবং গার্মেন্টস কারখানায় কর্মরত ৩০ লাখ শ্রমিকের মজুরি বর্তমান বাজারদরের সঙ্গে সমন্বয় করে ন্যূনতম পাঁচ হাজার করার দাবি জানিয়েছে পরিষদ।