পাঁচটি চোরাই গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানী থেকে চুরি যাওয়া পাঁচটি গাড়ি উদ্ধার এবং গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গত রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়ি চুরি প্রতিরোধ দল গাড়িগুলো উদ্ধার ও ওই দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রূপক দেব রায় (৪৪) ও মো. রাজীব (২৩)। গাড়িগুলো তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিবির গাড়ি চুরি প্রতিরোধ দলের প্রধান ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোখলেসুর রহমান। মোখলেসুর রহমান প্রথম আলোকে জানান, গত ৪ মার্চ একটি গাড়ি চুরির ঘটনায় গুলশান থানায় মামলা হয়। ওই মামলার তদন্তে রূপক ও রাজীবের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তাঁরা মূলত চোরাই গাড়ি বিক্রির সঙ্গে জড়িত। গ্রেপ্তারের পর তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী একটি এলিয়ন, একটি করোলা এক্সই, একটি নোয়া ও দুটি হাইয়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়।