দুর্নীতির প্রতীক সানমুন টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দিলকুশায় সানমুন স্টার টাওয়ারে গতকাল মঙ্গলবার অভিযান চালায় ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ l ছবি: প্রথম আলো
রাজধানীর দিলকুশায় সানমুন স্টার টাওয়ারে গতকাল মঙ্গলবার অভিযান চালায় ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ l ছবি: প্রথম আলো

পদে পদে অনিয়ম-দুর্নীতি। ‘সানমুন স্টার টাওয়ার’ নির্মাণে আইন, বিধি, নীতিমালা—কোনোটাই মানা হয়নি। নেওয়া হয়নি সংশ্লিষ্ট কোনো সংস্থার অনুমোদন। রাজধানীর দিলকুশায় সরকারি জমির ওপর নির্মিত ৩০ তলা এ ভবনটির পুরোটাই গতকাল পর্যন্ত একটি নির্মাণকারী প্রতিষ্ঠানের দখলে ছিল।

এম আর ট্রেডিং নামের এই নির্মাণপ্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান একজন বিতর্কিত ব্যক্তি। দীর্ঘদিন থেকে তাঁর বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি এখন গ্রেপ্তার হয়ে পুলিশি হেফাজতে রয়েছেন। এই অনিয়ম-দুর্নীতির জন্য ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ১১ প্রকৌশলীসহ ১৫ জন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে দায়ী করেছে তদন্ত কমিটি। কিন্তু এসব কর্মকর্তার বিরুদ্ধে 

কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাঁদের কারও কারও পদোন্নতি হয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গতকাল অভিযান চালিয়ে ভবনটির দোতলা বেসমেন্ট ও তিনটির ফ্লোর (পাঁচতলা) নিয়ন্ত্রণে নিয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা জানান, ভবনটি নির্মাণে ঢাকা সিটি করপোরেশন ও রাজউকের অনুমোদন নেওয়া হয়নি। বঙ্গভবনের কাছাকাছি হওয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র নেওয়ার প্রয়োজন ছিল। সেটাও নেওয়া হয়নি। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) নীতিমালাও লঙ্ঘিত হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ে বঙ্গভবনের নিরাপত্তাসংক্রান্ত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনার পর তদন্ত করার সিদ্ধান্ত হয়। এরপর বঙ্গভবনের চিঠি পেয়ে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (তদারকি ও মূল্যায়ন) আবুল কাসেমকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটি অনিয়ম-দুর্নীতির জন্য ১৫ জন কর্মকর্তাকে দায়ী করে সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে।

তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ভবনটি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ২০০৩ সালের ৫ এপ্রিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দিলকুশায় ৩৭ নম্বর প্লটের চার বিঘা জমির ওপর আধুনিক পার্কিং ও বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেন। প্রকল্পটি বিসিআইসি ভবনের সামনে ও বঙ্গভবনের সীমানাপ্রাচীরের উত্তরে দিলকুশা বাণিজ্যিক এলাকায় অবস্থিত। সিদ্ধান্ত নেওয়া হয়, ঢাকা সিটি করপোরেশনের অর্থায়ন ছাড়াই বেসরকারি সংস্থার মাধ্যমে যত দ্রুত সম্ভব সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিআর) এটি নির্মাণ করা হবে।

সিটি করপোরেশনের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই ১৫ কর্মকর্তা সরকারি সিদ্ধান্ত বারবার অমান্য করে ডিসিসি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভবন তৈরির কাজ শুরু করেন। অনুমোদন ছাড়া সিটি করপোরেশনের অর্থায়নে দুই পর্যায়ে ঠিকাদারের মাধ্যমে পাঁচটি ফ্লোর নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণে এম আর ট্রেডিংকে প্রথমে ঠিকাদার ও পরে ডেভেলপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অনুমোদন ছাড়া প্রকল্পের কাজ ভাগ করে ১২ কোটি টাকার নিচে রেখে ঠিকাদার নিয়োগ করে ক্রয় নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। দরপত্র ও ক্রয়চুক্তিতে চারটি ফ্লোর নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করা হলেও দুটি ফ্লোর নির্মাণের পরই চুক্তিমূল্যের যাবতীয় অর্থ পরিশোধ করা হয়।

এম আর ট্রেডিংয়ের সঙ্গে সিটি করপোরেশনের অভিযুক্ত কর্মকর্তাদের করা চুক্তিও আইনের পরিপন্থী বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। কারণ, চুক্তিটি সিটি করপোরেশন কর্তৃপক্ষ অনুমোদন করেনি। এই চুক্তি অনুযায়ী সিটি করপোরেশন ৩০ ও নির্মাণপ্রতিষ্ঠান ৭০ শতাংশের মালিক হবে।

বেসমেন্টসহ ২৩ তলা ভবনের নকশা বাস্তবায়নসহ সবকিছুরই অনুমোদন দেন ঢাকা সিটি করপোরেশনের অভিযুক্ত ১৫ জন প্রকৌশলী। দরপত্র আহ্বান করা হলেও চারটি প্রতিষ্ঠান দরপত্র কেনে এবং একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার ক্ষেত্রে ঢাকা সিটি করপোরেশন কর্তৃপক্ষের কোনো অনুমোদন নেই। ২৩ তলার কথিত অনুমোদন নেওয়া হলেও ভবনটি ৩০ তলা করা হয়েছে।

১৫ কর্মকর্তা হলেন ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল হক (বর্তমানে সচিব, ওএসডি), প্রধান প্রকৌশলী মো. আবদুল কাদির, সচিব সামসুজ্জামান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. সেহাব উল্লাহ, নির্বাহী প্রকৌশলী নুরুল আমীন, সহকারী প্রকৌশলী মফিজুর রহমান খান ও আবুল কালাম আজাদ, আইন কর্মকর্তা এম এস করিম, সহকারী সচিব জুনায়েদ আমিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ, নির্বাহী প্রকৌশলী মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী আমিনুর রহমান চৌধুরী ও হারুন-অর রশীদ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফারুখ আজিজ। শেষের দুজন অবসরে গেছেন। অন্যরা পদোন্নতি পেয়ে এখনো চাকরিতে আছেন।

এঁদের চারজন এবং তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রের ৮২৭ কোটি টাকা ক্ষতির দায়ে দুদক দুর্নীতির মামলা করে। এই মামলায় গতকাল অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক।

যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘তদন্ত কমিটি আমার সঙ্গে কথা না বলে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাকে অভিযুক্ত করেছে। এমনকি অন্য কাউকেও ডাকেনি। এটা পুনঃ তদন্ত হওয়া উচিত।’

২০০৫ থেকে সাত-আট বছর ধরে এই অনিয়ম-দুর্নীতি চললেও সিটি করপোরেশন বা স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান প্রথম আলো‌কেবলেন, ওই ভবনের দুটি বেসমেন্টসহ মোট পাঁচটি ফ্লোর সিটি করপোরেশনের টাকায় নির্মিত হয়েছে। গতকাল উচ্ছেদ অভিযান চালিয়ে ফ্লোরগুলোর দখল নেওয়া হয়েছে। ভবনের সামনে সানমুন স্টার টাওয়ারের নাম লাগানো আছে, সেখানে এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাইনবোর্ড লাগিয়ে অঞ্চল-২-এর কার্যালয় করা হবে।

ভবনের জমিটি ছিল জুট মিল করপোরেশনের (বিজেএমসি)। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জমিটি বিজেএমসি সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। চুক্তি অনুযায়ী বিজেএমসিরও ভবনের কিছু অংশ পাওয়ার কথা। কিন্তু সংস্থাটি কোনো ফ্লোর পায়নি। এ বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ফণীভূষণ চৌধুরী বলেন, ‘আমাদের জায়গা সিটি করপোরেশনকে ছেড়ে দিয়েছিলাম। তারা বলেছিল, দুটো ফ্লোর আমাদের দেবে। কিন্তু এখনো দেয়নি। এ নিয়ে আমরা দেনদরবার করছি, প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় যাব।’

সরেজমিনে দেখা গেছে, ৩০ তলা ভবনটিতে বাংলাদেশ ব্যাংক, সোনালী, অগ্রণী, মার্কেন্টাইলসহ কয়েকটি ব্যাংক ও প্রতিষ্ঠান রয়েছে। ভবনটির ১৯ তলা পর্যন্ত ভাড়া দেওয়া রয়েছে বলে জানান সেখানকার নিরাপত্তাকর্মীরা।

জানতে চাইলে এম আর ট্রেডিংয়ের মহাব্যবস্থাপক বলেন, অনুমোদন ছাড়া এত বড় একটি ভবন নির্মাণ করা কি সম্ভব? ১৯ তলা পর্যন্ত ভবনটি ভাড়া দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভবনের অনুমোদন বিষয়ে তিনি বলেন, ২৩ তলা পর্যন্ত অনুমোদন আছে।

ভবনটির দোতলায় মিজানুর রহমানের মালিকানাধীন একটি দৈনিক পত্রিকার কার্যালয়। গতকাল এই কার্যালয়টি ১৭ তলায় সরিয়ে নেওয়া হয়। কয়েকটি ফ্লোর ভাড়া হয়ে গেছে।

নির্মাণপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান পুলিশি হেফাজতে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সহিংস ঘটনায় হওয়া দুই মামলায় মিজানুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই দুই মামলায় তাঁকে সাত দিন ও ছয় দিন করে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। এখন তৃতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দুটি মামলার তদন্ত করছে ডিবি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, মিজানুর রহমান তাঁর নির্মাণাধীন ভবনের একটি ফ্লোর হেফাজতে ইসলামকে লাঠিসোঁটা রাখার জন্য ব্যবহার করতে দিয়েছিলেন। তিনি হেফাজতের ৩০ হাজার কর্মীকে ওই ফ্লোরে রেখে তাঁদের নাশতা করিয়েছেন।