পাঁচটি হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা
রাজধানীর পাঁচটি বড় হাসপাতালকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে শমরিতা হাসপাতালকে পাঁচ লাখ টাকা, ল্যাবএইড হাসপাতালকে চার লাখ টাকা, কমফোর্ট ডায়াগনস্টিক ও নার্সিং সেন্টারকে দুই লাখ টাকা, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে দুই লাখ টাকা এবং পপুলার হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার বলা হয়, প্রতিষ্ঠিত এসব হাসপাতাল ও ক্লিনিক তাদের বর্জ্য-ব্যবস্থাপনা আরও উন্নত করার অঙ্গীকার করেছে।হাসপাতালগুলোতে রোগীদের ওঠা-নামার জন্য ড্রপ ডাউন বে না থাকা, বর্জ্য ও ছোঁয়াচে বর্জ্য পরিশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা এবং মানসম্পন্ন বর্জ্য-ব্যবস্থাপনা গড়ে না তোলায় গত সোমবার পরিবেশ অধিদপ্তর এই অভিযান চালায়। তবে একেক হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ একেক রকম বলে জানা যায়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক এনফোর্সমেন্ট মো. আলমগীরের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রাজধানীর আরও কয়েকটি ক্লিনিক ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।