পাঁচতলা থেকে ফেলে দেওয়া নবজাতক ভালো আছে, মা ঢাকা মেডিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচতলা থেকে ফেলে দেওয়া সেই নবজাতক আগের চেয়ে কিছুটা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। আর নবজাতক মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে।
রাজধানীর বেইলি রোডের একটি ভবনের পাঁচতলা থেকে গত সোমবার ওই নবজাতককে ফেলে দেওয়া হয়। শিশুটিকে তার মা নিজেই ফেলে দেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নবজাতকের মা তাদের বলেছেন, নিজের ভগ্নিপতি তাঁকে ধর্ষণ করায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তাই ক্ষোভ, লজ্জা ও অপমানে তিনি শিশুটিকে ফেলে দেন। ওই ঘটনায় নবজাতকের মা, না তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই টানাপোড়েনে গতকাল মঙ্গলবার পর্যন্ত কোনো মামলা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শিশুটির মার প্রসবজনিত রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। তাঁকে ওয়ার্ড থেকে ওসিসিতে নেওয়া হয়েছে। শিশুটির মা চাইলে ওসিসি তাঁকে আইনি সহায়তা দেবে।
পুলিশের রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, পুলিশের তত্ত্বাবধানে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।