পাইকারি কেনাবেচা কমে যাচ্ছে চকবাজারে
পাইকারি বাজার বলে খ্যাত পুরান ঢাকার চকবাজারে ‘পাইকারি পণ্যের’ কেনাবেচা কমে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, এখন আগের চেয়ে ঢাকার বাইরে থেকে খুচরা বিক্রেতারা আসছেন কম। এ কারণে চকের পাইকারি বেচাকেনায় মন্দা।
পণ্য বেচাকেনা কম হওয়ার কারণ হিসেবে চকের ব্যবসায়ীরা বলেন, বড় বড় আমদানিকারক প্রতিষ্ঠান নিজেরাই পরিবেশকের মাধ্যমে পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছেন। আবার ঢাকার বাইরের অনেক ব্যবসায়ীও বিদেশ থেকে পণ্য আমদানি করছেন। তাঁরা আর চকবাজারের দিকে চেয়ে নেই। যানজটের কারণেও ক্রেতারা এখানে আসতে আগ্রহ হারিয়ে ফেলছেন। অবশ্য ভিন্নমতও আছে। ব্যবসায়ীদের কেউ কেউ বলেছেন, বছরের শুরুর দিকের এই সময়ে ব্যবসা একটু ঢিমেতালেই চলে। ঈদ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সামনে রেখে বেচাকেনা বাড়বে৷
কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সামনে দিয়ে গতকাল রোববার দুপুরে চকবাজারে যেতেই উর্দু সড়ক পর্যন্ত রিকশাজট৷ চকবাজারের চারপাশে শাহি মসজিদ, ওয়াটার ওয়ার্কস ও চক সার্কুলার সড়কেও একই অবস্থা দেখা গেছে৷ চকবাজারে বিভিন্ন দোকানে দু-চারজন করে ক্রেতা ইমিটেশন অলংকার, চুড়ি, ব্যাগ, তালা-চাবি, টুথব্রাশ, সাবান, কটনবাড, ক্লিপসহ বিভিন্ন পণ্য কেনাকাটা করছেন৷ বিভিন্ন দোকানে এমন আটজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের সাতজনই ঢাকার বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ী৷ তবে অধিকাংশ দোকানেই তেমন ক্রেতা দেখা যায়নি৷ এখানকার আমদানিকারকেরা ভারত, চীন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে পণ্য কিনে আনেন।
ব্যবসা কেমন চলছে প্রশ্ন করলে চকবাজারের রায়হান স্টোরের স্বত্বাধিকারী কাউছার আলম বলেন, ‘ব্যবসায় মন্দা চলছে। ভোগ্যপণ্যের দাম বাড়ায় লোকে অনেক বিবেচনা করে জিনিসপত্র কিনছেন। এ ছাড়া বেচাকেনা এখন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বা দিবসকেন্দ্রিক হয়ে পড়েছে৷ ফলে বছরের নির্দিষ্ট কয়েক মাস বেচাকেনা হয়। বাকি সময় ব্যবসায় লোকসান গুনতে হয়৷’
চকবাজারের ব্যবসায়ীরা জানান, এই বাজারের সবচেয়ে বড় সমস্যা যানজট। চিরচেনা এই দৃশ্যপটে স্থানীয় সবাই মোটামুটি অভ্যস্ত। কিন্তু ঢাকার বাইরের ক্রেতারা এতে খুবই বিরক্ত। মালামাল কিনতে এসে যানজটে আটকে থেকে তাঁদের অনেক সময় নষ্ট করতে হয়। এতে চকবাজারে দিনে দিনে ক্রেতাদের সংখ্যা কমছে। আগের তুলনায় এখন বেচাকেনা হয় এক-চতুর্থাংশ।
চকবাজারের বাংলাদেশ মনিহারি বণিক সমিতি সূত্র জানায়, চকে পাইকারি দোকান আছে প্রায় চার শ৷ কিন্তু চকবাজারকে কেন্দ্র করে আশপাশে আরও কয়েক হাজার দোকান গড়ে উঠেছে। এ কারণেও চকের ক্রেতা কমে গেছে।
জানতে চাইলে বাংলাদেশ মনিহারি বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, চকবাজারে আগের মতো রমরমা ব্যবসা-বাণিজ্য আর নেই। এখন দেশের জেলা শহরগুলোতে অনেক বড় বড় পাইকারি মার্কেট গড়ে উঠেছে। আমদানিকারকের সংখ্যাও অনেক বেড়ে গেছে। তাই ঢাকার বাইরের অনেক ব্যবসায়ীই এখন আর এখানে আসেন না। আগে দেশের প্রায় সব জেলা খুচরা দোকানিরা চকবাজারে কেনাকাটা করতেন ৷