পাইপলাইন দুর্ঘটনা নগরের একাংশে গ্যাস বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির একটি উচ্চচাপের পাইপলাইন দুর্ঘটনায় নগরের মিরপুরের একাংশ, গুলশান ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় গ্যাস বিতরণ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত সোমবার সন্ধ্যায় হাতিরঝিল প্রকল্পভুক্ত গুলশান এলাকায় নির্মাণকাজ (পাইলিং) করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই ওই লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে মেরামতকাজ শুরু করেন তিতাসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। সংস্থার পরিচালক (পরিচালন) মীর মশিউর রহমান গতকাল সন্ধ্যায় জানান, ‘বিকল্প লাইনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রায় অর্ধেক গ্রাহককে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। আগামীকাল (আজ) বুধবার সকালেই পাইপলাইন মেরামতের কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।’তিতাস সূত্র জানায়, হাতিরঝিল প্রকল্পের নির্মাণকাজ করার সময় তিতাসের ভূগর্ভস্থ ১২ ইঞ্চি ব্যাসের ডেমরা-তেজগাঁও লাইনের একটি স্থান বিধ্বস্ত হয়। লাইনটিতে ৩০০ পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চি) চাপে গ্যাস সরবরাহ হয়ে থাকে। এত উচ্চচাপের লাইন বিধ্বস্ত হওয়ায় তা মেরামতেও অনেক সতর্কতা ও সময় দরকার হয়। পুরো লাইন বন্ধ করে দিয়ে ওই কাজ করতে হয়।মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্য একটি লাইন দিয়ে সীমিত সংখ্যক গ্রাহককে গ্যাস সরবরাহের চেষ্টা করা হয়েছে।