রাজধানীর মিরপুরের একটি বিপণিবিতানে গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে নকল অডিও-ভিডিও সিডি এবং অবৈধ ডাউনলোডে ব্যবহূত সরঞ্জাম আটক করা হয়েছে।মিরপুর ১ নম্বরের মাজার কো-অপারেটিভ মার্কেটে ওই অভিযান চালানো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মো. মনজুরুর রহমান এতে নেতৃত্ব দেন। র্যাব-২ ও দারুস সালাম থানার পুলিশ বিপণিবিতানটির দোতলায় মোবাইল ফোনসেট মেরামত ও মেমোরি কার্ডে গান ডাউনলোড করার মোট ২০টি দোকানে ঝটিকা অভিযান চালায়। এর মধ্যে নয়টি দোকানের নয়টি কম্পিউটার ও মেমোরি কার্ডে গান ডাউনলোড করার সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া দুটি দোকান থেকে প্রায় এক হাজার পাইরেটেড অ্যালবাম ও ব্র্যান্ডবিহীন অবৈধ সিডি উদ্ধার করা হয়। অভিযুক্ত দোকানগুলো হচ্ছে কবির ইলেকট্রনিকস, দেওয়ান বিজনেস পয়েন্ট, আল শিহাব মোবাইল সেন্টার, আসসালাম মোবাইল সার্ভিসিং, স্টার মোবাইল, খান মোবাইল, রিফা ইলেকট্রনিকস, শ্রাবণ সিডি-ভিসিডি প্রভৃতি।কপিরাইট রেজিস্ট্রার প্রথম আলোকে জানান, অভিযুক্ত ১১ জন দোকানমালিকের বিরুদ্ধে দারুস সালাম থানায় কপিরাইট আইনে মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এত দিন ব্র্যান্ডবিহীন সিডি ও পাইরেটেড অ্যালবামের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে এবং গতকাল মঙ্গলবারই প্রথম মোবাইলে গান ডাউনলোড করা দোকানগুলোয় অভিযান চালানো হলো।এ ধরনের দোকান থেকে সাধারণত ৫০ টাকায় প্রায় ২০০ গান মোবাইল ফোনের মেমোরি কার্ডে ডাউনলোড করে দেওয়া হয়। কপিরাইট আইনে এটি শাস্তিযোগ্য অপরাধ। কপিরাইট রেজিস্ট্রার জানান, আটক কম্পিউটারগুলো পরীক্ষা করে দেখা গেছে, তাতে অনেকি নীল ছবি ও অশ্লীল গানের মিউজিক ভিডিও সেভ করা ছিল।