‘পাইলট’ চালান মোটরসাইকেল, ছিনতাই করেন ‘ইগল’: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসি ক্যামেরায় রাজধানীর সড়কে ‘ছিনতাইকারী চক্রের’ সদস্যরা
ছবি: ডিবির সৌজন্যে

দামি মোটরসাইকেলে চড়ে রিকশাযাত্রীদের কাছ থেকে ব্যাগ বা মুঠোফোন ছোঁ মেরে নিয়ে যান তাঁরা। দক্ষতার সঙ্গে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে পারেন বলে একজনের নাম দেওয়া হয়েছে ‘পাইলট’। আর ক্ষিপ্রতার সঙ্গে ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নেন বলে পেছনের আরোহীকে ডাকা হয় ‘ইগল’ নামে।


আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার রাজধানীর মগবাজার ও কাটাসুর এলাকা থেকে ওই ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লেলিন শেখ, আশরাফুল ইসলাম, জিল্লুর রহমান খান ও সাইফুল ইসলাম শাওন। তাঁদের গ্রেপ্তারের পর চক্রের সদস্যদের ‘পাইলট’ ও ‘ইগল’ নামকরণের তথ্য ডিবির হাতে আসে।

সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, চারজনকে গ্রেপ্তারের পর দুটি ছিনতাইয়ের ঘটনার রহস্য উদ্‌ঘাটিত হয়েছে। দুটি ঘটনাই ঘটে পল্লবী থানা এলাকায়। প্রথমটিতে গত ডিসেম্বরে ১১ লাখ টাকা ছিনতাই হয়। অপরটিতে চলতি বছরের মার্চে ৪ লাখ টাকা ছিনতাই করা হয়।


এ কে এম হাফিজ আক্তার আরও বলেন, ছিনতাইয়ের প্রথম ঘটনায় আশরাফুল ছিলেন ‘পাইলট’ ও লেলিন শেখ ছিলেন ‘ইগল’। পরের ঘটনায় জিল্লুর ‘পাইলট’ ও শাওন ‘ইগল’ হিসেবে কাজ করেছিলেন। তিনি বলেন, তাঁদের কাছ থেকে ৩৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিবি
ছবি: ডিবির সৌজন্যে

ডিবির ভাষ্য, গ্রেপ্তার আশরাফুল বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে ভালো বেতনে চাকরি করতেন। চাকরি করার সময় লেলিনের সঙ্গে পরিচয় হয়। তারপর আশরাফুল ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন।

এই চক্রের ছিনতাইয়ের কৌশল সম্পর্কে এ কে এম হাফিজ আক্তার বলেন, ব্যাংক থেকে টাকা নিয়ে বের হওয়ার পর অনেকেই এই চক্রের লক্ষ্যবস্তুতে পরিণত হন। পরে সুযোগ বুঝে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। চক্রের সদস্যরা মিরপুর, পল্লবী, বনানী, গুলশান, ধানমন্ডি, আগারগাঁও ও তেজগাঁও এলাকায় শতাধিক ছিনতাই করেছেন।