ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান গুলশানের সিটি স্কুল ইন্টারন্যাশনাল বন্ধ করে দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন স্কুলের পাকিস্তানি অধ্যক্ষ ইয়াসমিন রাজভয়। খবর ছড়িয়ে পড়লে শিক্ষক, অভিভাবক ও কর্মচারীরা বুধবার রাত নয়টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অধ্যক্ষের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ইয়াসমিন রাজভয়কে গুলশান থানায় নিয়ে যায়। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি থানায় অবস্থান করছিলেন।
এ বিষয়ে জানতে চেয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি। ইয়াসমিন রাজভয়ের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।
সিটি ইন্টারন্যাশনাল স্কুল পাকিস্তানভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হলেও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), মালয়েশিয়া ও ফিলিপাইনে এ স্কুলের শাখা আছে। ঢাকায় এক যুগ আগে এ স্কুলের কার্যক্রম শুরু করা হয়। ইয়াসমিন রাজভয় গত সাত-আট মাস আগে পাকিস্তান থেকে এসে অধ্যক্ষের দায়িত্ব নেন।
প্রতিষ্ঠানটির প্রশাসন শাখার কর্মকর্তা ফাইয়াজ আহমেদ জানান, এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০০। শিক্ষক আছেন ৪৫ জন এবং স্টাফ ১৫ জন। অধ্যক্ষ ইয়াসমিন শিক্ষার্থীদের পাওনা, শিক্ষক-কর্মচারীদের বেতন ও প্রভিডেন্ট ফান্ড, স্কুলের অস্থাবর সম্পত্তিসহ প্রায় দেড় কোটি টাকার হিসাব না দিয়েই চলে যাচ্ছিলেন অভিযোগ করে ফাইয়াজ বলেন, ‘গত শনিবার দুবাই হেড অফিস থেকে এম এ আতিক নামের একজন ডিরেক্টর স্কুলে এসেছিলেন। তিনি আমাদের বলেছিলেন, এখানে স্কুল চালানো কঠিন হয়ে যাচ্ছে। এরপর বুধবারই আমরা সব জানতে পারি।’
গতকাল বিকেলে গুলশান থানায় সোহেলী আক্তার নামের এক অভিভাবকের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। প্রথম আলোকে তিনি বলেন, ইয়াসমিন রাজভয় আসার পর থেকেই স্কুল বন্ধ হয়ে যেতে পারে এমন একটা গুঞ্জন ছিল। তিনি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে রূঢ় আচরণ করছিলেন। এ জন্য অনেক শিক্ষার্থী ও শিক্ষক চলেও যান। কিন্তু ইয়াসমিন বরাবরই স্কুল বন্ধ হয়ে যাওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। সপ্তাহ খানেক আগে জানা যায়, যে ভাড়া ভবনে স্কুল চলছে, সে ভবনের অনেক ভাড়া বকেয়া পড়েছে। সন্দেহ প্রবল হলে কোনো কোনো অভিভাবক তাঁর বাসার ওপর খেয়াল রাখতে শুরু করেন। বুধবার রাত নয়টা থেকে পালাক্রমে অভিভাবকেরা বারিধারায় ইয়াসমিনের বাড়ি পাহারা দিতে শুরু করেন। পরে শিক্ষকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন।
থানায় ছিলেন স্কুলের শিক্ষক ও আয়ারাও। তানিয়া আলম নামের এক শিক্ষক বলেন, ‘স্কুলের সাইনবোর্ড মুছে ফেলার পরও অধ্যক্ষ আমাদের বলেছেন, স্কুল বন্ধ হবে না। গতকাল (বুধবার) যখন স্কুলের মাইক্রোবাস বিক্রির কথা হচ্ছিল, তখন আমরা বুঝতে পারি, স্কুল বন্ধ হচ্ছে। আমরা শিক্ষকেরা তাঁর কাছে স্পষ্ট উত্তর চাইলে তিনি বলেন, স্কুল বন্ধ হয়ে গেলেও তিনি সব দেনা-পাওনা মিটিয়ে ফিরে যাবেন।’ কিন্তু তিনি পালানোর চেষ্টা করছিলেন।