পাকিস্তানি মোড়ক নকল করে সেমাই বাজারজাত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের বেশি দেরি নেই। রোজার শেষে পবিত্র ঈদ। ঈদের জন্য তাই দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও শুরু হয়েছে সেমাই তৈরি। পিছিয়ে নেই নকল ও ভেজালকারীরাও। তারা নামীদামি প্রতিষ্ঠানের মোড়ক নকল করে সেমাই বাজারজাত করা শুরু করেছে। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার চকবাজারের ছোট কাটারা থেকে এমন বিপুল পরিমাণ সেমাই জব্দ করেছেন। পাকিস্তানের বিখ্যাত কুলসন সেমাইয়ের মোড়ক নকল করে ওই সেমাই বাজারজাত করা হয়েছিল।ভ্রাম্যমাণ আদালত এ কারণে ১৭, হেকিম হাবিবুর রহমান লেনের (ছোট কাটারা) নাজিয়া স্টোরের মালিক কায়সার উদ্দিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই দোকান ও গুদাম থেকে এসব সেমাই জব্দ করে সেগুলো সিলগালা করা হয়।সূত্র জানায়, দুপুর ১২টার দিকে আদালত নাজিয়া স্টোরে অভিযান চালিয়ে কুলসন সেমাইয়ের নকল মোড়কে সেমাই দেখতে পান। পরে আদালত নাজিয়া স্টোরের গুদাম থেকে ৫০০ কার্টন নকল কুলসান সেমাই ও ৪০০ ঝুড়ি কদমফুল সেমাই জব্দ করেন। প্রতিটি কার্টনে ২০০ গ্রামের প্যাকেট ছিল ৪৮টি এবং প্রতি ঝুড়িতে সেমাই ছিল ৪০ কেজি। সেমাইয়ের মোড়কে লেখা, ‘কক ভার্মিসিলি’ আরেক স্থানে লেখা, ‘ইউডিএল এসই পাকিস্তান।’ মোড়কের নিচের দিকে লেখা, প্রস্তুতকারক সাজিদ ফুড প্রোডাক্টস ১৭, ছোট কাটারা, ঢাকা, বাংলাদেশ। এর নিচে লেখা, কারখানা: আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা, বাংলাদেশ। এর পাশে বিএসটিআইয়ের মানচিহ্ন রয়েছে।আদালতের অভিযানের সময় স্থানীয় ব্যবসায়ী আসলাম হোসেন প্রতিক্রিয়ায় বলেন, ‘এরা দুই নম্বর করতাছে, আর আমরা তা খাইতাছি। কেনার সময় কী এত দেখে কেনা যায়।’ আরেক ব্যবসায়ী মফিজুল আলম বলেন, প্রতি কার্টন আসল কুলসন সেমাইয়ের দাম ৯৬০ টাকা, নকলটা ৯২০ টাকা।নাজিয়া স্টোরের মালিক কায়ছার উদ্দিন জানান, ঈদের আগে অনেক প্রতিষ্ঠানই এভাবে সেমাই নকল করে। পুরান ঢাকায় এ ধরনের ১০-১২টি প্রতিষ্ঠান রয়েছে। তিনি আদালতের কাছে স্বীকার করেন, নকল সেমাই তৈরি করা তাঁর ভুল হয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, ঈদের আগে রাজধানী ও আশপাশের এলাকায় সেমাই তৈরি হয়। এদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।