পাকিস্তানের ষড়যন্ত্র এখনো থেমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ বাঙালির গৌরবের মাস হলেও যুদ্ধাপরাধী আর পাকিস্তানিদের জন্য তা পরাজয়ের। তাই খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে এই মাসে সরকার পতনের কর্মসূচি পালন করছেন। গতকাল সোমবার বিকেলে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, মার্চ মাস বাঙালির গৌরবের মাস। কিন্তু এই মার্চ মাসেই যুদ্ধাপরাধীদের নিয়ে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করছে, সরকার পতনের হুমকি দিচ্ছে। কিন্তু কারও কথায় সরকারের পতন হয় না।বিএনপির উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার। কাজেই বিএনপি ১২ মার্চ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে পারে। কিন্তু কর্মসূচির নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। তোফায়েল আহমেদ বলেন, ’৯১ সালের নির্বাচনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা (আইএসআই) খালেদা জিয়াকে পাঁচ কোটি রুপি দিয়েছিল। পাকিস্তানের ষড়যন্ত্র এখনো থেমে নেই। কিন্তু বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র এই দেশের জনতা সফল হতে দেবে না। বিশেষ অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘মার্চ এলেই আমাদের রক্তে শিহরণ ওঠে। এই দেশের বিভিন্ন ধারা ছিল। কিন্তু একাত্তরে সব ধারা এক হয়েছিল। আর তার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু’। তিনি বলেন, যুদ্ধাপরাধ কেবল অপরাধই নয়, এর সঙ্গে রাজনীতিও জড়িত। যুদ্ধাপরাধীদের রাজনীতি বাংলাদেশের বিরোধিতা। কাজেই এই শক্তিকে পরাজিত করতেই হবে। সভাপতির বক্তব্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, নিজামী-গোলাম আজমেরা যুদ্ধাপরাধী হলেও তাঁদের রাজনৈতিক নেতা বানিয়েছেন খালেদা জিয়া। পাকিস্তানিদের প্রেতাত্মা এখন খালেদা জিয়ার ওপর ভর করেছে। তাঁদের পরাজিত করতেই হবে। সভায় আরও বক্তব্য দেন শরীফ নুরুল আম্বিয়া, শিরীন আক্তার, মীর হোসেন আখতার প্রমুখ।