পাক্কা হিসাবে নগদ ফাঁকি
বিক্রেতা আবুল বাশার পাক্কা হিসাবের নিশ্চয়তা দিচ্ছিলেন। প্রতি ঝোপায় লিচু আছে ঠিক ঠিক ১০০টি। কিন্তু গণনা করতে গিয়েই তাঁর পাক্কা হিসাবে নগদ ফাঁকির বিষয়টি ধরা পড়ল। কোনো ঝোপায় লিচু পাওয়া গেল ৮৯টি কোনোটিতে ৮৮টি। সরল বিশ্বাসে ক্রেতারা তাঁর পাক্কা হিসাবের নিশ্চয়তায় আস্থা রেখে লিচু কিনছিলেন ও ঠকছিলেন। ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার রাজধানীর পুরান ঢাকার আদালতপাড়াসংলগ্ন রায়সাহেব বাজারের সামনে ফলের দোকানে অভিযান চালালে পাকা হিসাবের এই ফাঁকি ধরা পড়ে। ক্রেতাদের মিথ্যা বলে ঠকানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বিক্রেতা আবুল বাশারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। একই সময় আদালত পাশেই লেকু মিয়ার লিচুর দোকানে অভিযান চালিয়ে গণনায় সঠিক পান। আদালত এ সময় মনির হোসেনের মেসার্স তায়েবা ফ্রুটস, রফিকের ফলের দোকান ও হারুনের ফলের দোকানে অভিযান চালান। রফিকের দোকানের এক কেজি ওজনের বাটখারা পরীক্ষা করে ২০ গ্রাম ও মনির হোসেনের দোকানের বাটখারায় ৩০ গ্রাম ওজন কম পান। ওজনে কম দেওয়ার জন্য রফিককে পাঁচ হাজার টাকা এবং মনির হোসেনকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, প্রতিটি ফলের দোকানে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রক্রিয়াজাত করা ফলের রসের প্যাকেট পাওয়া গেছে। এসব প্যাকেটের গায়ে কোনো খুচরা মূল্য লেখা ছিল না। মূল্যবিহীন এসব পণ্য দোকানে না রাখতে ব্যবসায়ীদের এক সপ্তাহ সময় দিয়ে সতর্ক করা হয়েছে। গতকাল অভিযানে অংশ নেন বিএসটিআইয়ের কর্মকর্তা সঞ্জয় কুমার ও কাউছার আহমেদ মিয়া এবং মহানগর দাঙ্গা পুলিশের একটি দল। বিএসটিআইয়ের অপর একটি ভ্রাম্যমাণ আদালত নরসিংদীর লাকড়িপট্টির মেসার্স সোমা এন্টারপ্রাইজে অভিযান চালান। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পিভিসি তার উৎপাদন ও বিক্রির জন্য ওই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে আদালত কাউনিয়াপাড়া নতুন লঞ্চঘাটে মেসার্স শামীম এন্টারপ্রাইজে অভিযান চালান। এখানেও বিএসটিআইয়ের বিনা অনুমোতিতে মানচিহ্ন ব্যবহার করে তার উৎপাদন, বিক্রয় করা হচ্ছিল।