পাচারের শিকার নারী-শিশুদের পুনর্বাসনবিষয়ক প্রশিক্ষণ বই প্রকাশিত
জীবন ও জীবিকার তাগিদে যেসব নারী ও শিশু বিদেশে যাচ্ছে, তাদের একটা বড় অংশ পাচারের শিকার হচ্ছে। বিদেশের মাটিতে পা রাখার পর বুঝতে পারে, তারা পাচারকারীদের খপ্পরে পড়েছে। দেশের বাইরে তারা নির্যাতনের শিকার হয়, দেশে ফিরে এসে মুখোমুখি হয় সামাজিক অবহেলা আর গ্লানির। তাদের সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একটি প্রশিক্ষণ বই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বইটিতে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও সমাজকল্যাণ কর্মকর্তাদের জন্য নির্দেশিকা রয়েছে। এই নির্দেশিকাগুলো অনুসরণ করে পাচারের শিকার নারী ও শিশুদের সহযোগিতা করা সম্ভব বলে মনে করছে সরকার।এরই মধ্যে পুলিশ ও সমাজকল্যাণ অধিদপ্তরের ৫১ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা পাচারের জন্য ঝুঁকিপূর্ণ ২২টি জেলা থেকে এক হাজার ২৫০ জন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বইটিতে পাচার হওয়া থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত প্রতিটি পর্যায়ে কাজের ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। এদিকে পাচার নির্মূলে এই বইটি তৈরিতে আইওএম যে সহযোগিতা দিয়েছে, ভবিষ্যতে আরও বিস্তারিত একটি আইন করার ক্ষেত্রেও সংস্থাটি একইভাবে সহযোগিতা করবে বলে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপমহাপরিচালক লরা থম্পসন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইওএমের আঞ্চলিক প্রতিনিধি রাবাব ফাতিমা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক দিনা হক।