পাটজাত পণ্যের মান বাড়াতে গবেষণায় গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পাট নিয়ে করা গবেষণার ফলাফল আমলে নেয় না। ফলে উদ্ভাবনের ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে। এসব পণ্যের মান বাড়াতে গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।গতকাল বুধবার পাট, কেনাফ ও তন্তু গবেষণা ও উন্নয়ন জোরদার করতে সহযোগিতা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা কমনফান্ড ফর কমোডিটিজের (সিএফসি) আর্থিক সহায়তায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনার আয়োজন করে আন্তর্জাতিক পাট স্টাডি গ্রুপ (আইজেএসজি)। সেমিনারের প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, বিশ্বে পাটের বাজারে আধিপত্য বিস্তার করতে ভারত ও বাংলাদেশকে সহাবস্থানের মধ্য দিয়ে এগোতে হবে। নিজেদের মধ্যে সমঝোতা থাকলে আন্তর্জাতিক বাজারে পাটের রপ্তানি বাড়বে।বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুল বলেন, পাটজাত পণ্যকে উৎসাহিত করতে সরকার একটি আইন পাস করেছে। পাট থেকে কাগজ ও কাগজের মণ্ড তৈরির চিন্তাও হচ্ছে। তিনি বলেন, বেশি দাম দেওয়ার মাধ্যমে কৃষকদের পাট চাষে উৎসাহিত করতে হবে। এতে উৎপাদন বাড়বে।ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেন, গতবছর বাংলাদেশ ইউরোপের দেশগুলোতে রেকর্ড পরিমাণ রপ্তানি করেছে। মানসম্মত পাটজাতদ্রব্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি আরও বাড়ানো সম্ভব। ভারতের হাইকমিশনার রজিত মিত্তার বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যের উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে। কিন্তু পাট এখনো তার হারানো অবস্থান ফিরে পাচ্ছে না। এ জন্য প্রয়োজন সরকারের আন্তরিকতা ও যথাযথ উদ্যোগ।অনুষ্ঠানে মালয়েশিয়ার ট্রপিক্যাল ফরেস্ট্রি ও ফরেস্ট প্রডাক্টস ইনস্টিটিউটের কর্মকর্তা শাহওয়াহিদ ওথম্যান, নর্দার্ন ইন্ডিয়া টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশনের পরিচালক জে ভি রাও, বিজ্ঞান ও শিল্প-গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান এস এম ইমামুল হক তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন।আয়োজকেরা জানান, সেমিনারে ভারত, পাকিস্তান, চীন, নেপাল, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী সেমিনারের ছয়টি পর্বে ৩৮টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।সেমিনারে আইজেএসজির মহাসচিব ভূপেন্দ্র সিং, সিএফসির জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা সিটসে ভ্যান ডার ওয়ার্ফ, আইজেএসজির কর্মকর্তা লতিফা বিনতে লুৎফর বক্তব্য দেন।