পাঠক নেই, পোকায় কাটে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি পাঠাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক। গত রোববার ছবিটি তোলা l প্রথম আলো
আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি পাঠাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক। গত রোববার ছবিটি তোলা l প্রথম আলো

বলা যায়, ইতিহাসের অংশ হয়ে গেছেন জাহিদা মেহেরুননেসা। আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতি পাঠাগার থেকে সর্বশেষ বই সংগ্রহ করেন তিনি। তা-ও প্রায় আট বছর আগে, ২০০৮ সালের ১ ডিসেম্বর। বইটি ছিল মার্কিন কবি, ঔপন্যাসিক রবার্ট পেন ওয়ারেনের আন্ডারস্ট্যান্ডিং ফিকশন। এ শহরের পুরোনো আবাসিক এলাকা হিসেবে খ্যাত আজিমপুরের পাঠাগারটি থেকে এরপর আর কেউ বই তোলেনি।
ইডেন মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মেহেরুননেসা প্রথম আলোকে বললেন, ‘আগের মানুষেরা কী দারুণ একটা কাজ (পাঠাগার) করে গিয়েছিলেন। এখন আর পরিবেশ নেই। মানুষের আগ্রহ কমে গেছে, আবার কর্তৃপক্ষের উদ্যোগের ঘাটতিও আছে। আমার নিজেরও যাওয়া হয় না।’
তবে পাঠক এখনো দু-চারজন আছেন। কোনো দিন আটজন, দশজনও হয়। আবার কোনো দিন একেবারে শূন্য।
আজিমপুরের একেবারেই কেন্দ্রে পাঠাগারটির অবস্থান। একদিকে ছাপরা মসজিদ, অন্যদিকে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা। এই পাঠাগারের পক্ষ থেকে বইপ্রেমী মানুষকে আমন্ত্রণ জানিয়ে একবার এলাকার দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছিল। সরকারি কলোনির বাসায় বাসায় গিয়ে বিলি করা হয়েছিল প্রচারপত্র। মাইকে প্রচারিতও হয়েছিল, ‘সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিভিন্ন নতুন বইয়ের সমাহারে লাইব্রেরিকে আপনার জন্য সাজিয়ে তুলেছি। আসুন, বই পড়ুন, জীবন গড়ুন।’ পাঠাগার কর্তৃপক্ষের এই আহ্বানও খুব একটা সাড়া ফেলতে পারেনি।
এই পাঠাগারের ৩ হাজার ৩৬৭টি বইয়ের বেশির ভাগের অবস্থাই নাজুক। ৫ জুন দুপুরে পাঠাগারে প্রবেশ করে এমন চিত্রই দেখা গেল। কাঠের আলমারির ভেতর বইগুলো রাখা আছে বটে, কিন্তু তা যেন উইপোকার বসতবাড়ি! ছিঁড়ে-ফেটে গেছে অনেক বই। তার ওপর ধুলো-ময়লার বাড়বাড়ন্ত। বোঝাই যাচ্ছে, ছয় মাস কিংবা এক বছরে বইগুলো ঝাড়পোঁছ করা হয়নি।
বইয়ের যত্নআত্তির এত ঘাটতি কেন—জানতে চাইলে আজিমপুর এস্টেট জনকল্যাণ সমিতির সভাপতি রেজাউল হোসেন বললেন, ‘পাঠক নেই—এটাই মূল কারণ। পাঠক থাকলে সব ঠিক থাকত। তারপরও আমরা পোকা মারার জন্য ন্যাপথলিনসহ নানা ধরনের ওষুধ দিই। তবু ঠেকানো যায় না।’
এই এলাকার প্রসিদ্ধ পাঠাগার ছিল এটি। পাকিস্তান সৃষ্টির পর আজিমপুর এলাকায় সরকারি কলোনি নির্মিত হয়। বসবাস শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তখন এখানকার কিছু নেতৃস্থানীয় ব্যক্তি উপলব্ধি করেন, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সম্প্রতি-সৌহার্দ্য বাড়ানো খুব দরকার। সেই উপলব্ধি থেকেই এই সমিতির প্রতিষ্ঠা, ১৯৬০ সালে। শুরুতে সমিতির উদ্যোগের মধ্যে ছিল কেবল পাঠাগারই। শামসুদ্দীন আবুল কালাম, জাহানারা ইমামের মতো লেখক-সাহিত্যিকেরা ছিলেন এ পাঠাগারের সঙ্গে।
তবে সমিতির সমাজহিতৈষী উদ্যোক্তারা কিছু বৃত্তিমূলক পদক্ষেপ শুরু করেছিলেন সেই সময় থেকেই—সেলাই, টাইপ ও শর্টহ্যান্ড এবং কম্পিউটার প্রশিক্ষণ। মাঝে শুরু হলো ধ্রুপদি নৃত্য শেখার ব্যবস্থা। এখন এখানে আছে একটি হলরুমও। এসব উদ্যোগই বেশ জোরেশোরে চলমান। ঝিমিয়ে পড়েছে কেবল জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু পাঠাগারটি।
এখানকার দীর্ঘদিনের ব্যবস্থাপক ফয়েজ আহম্মদ স্মরণ করেন, বছর দশেক আগেও যেসব তরুণ-তরুণী পাঠাগারে আসতেন, তাঁদের কারও কারও চাহিদা ছিল এক পাশে দুটো কম্পিউটার, যাতে থাকবে ইন্টারনেট সংযোগ। কিন্তু পাঠাগারের পরিবেশের কথা চিন্তা করে কর্তৃপক্ষ আর সেটা বাস্তবায়ন করেনি। এরপরেই ধীরে ধীরে পাঠক কমতে শুরু করে।
এখন পাঠাগারে নিয়মিত গ্রন্থাগারিক নেই। জনকল্যাণ সমিতির এক সদস্য বাড়তি দায়িত্ব পালন করেন। বৈদ্যুতিক আলোর সমস্যাও আছে। পাঠাগারের পরিসরও বেশ ছোট। পাঠাগারের ১৭৫ জন স্থায়ী সদস্যের বেশির ভাগই সক্রিয় নেই। তাঁদের একটা অংশ কেবল বার্ষিক সভায় হাজিরা দেয়।
চকবাজারের খাজে দল সিং লেনের বাসিন্দা অনীক ইসলাম স্থায়ী সদস্যদের একজন। বেশ কয়েক বছর হলো পাঠাগারে যান না। বললেন, পাঠাগারে ফিরতে আগ্রহী হবেন ‘যদি পরিবেশ তৈরি হয়, যদি নতুন নতুন বইয়ের আরও সংগ্রহ বাড়ানো হয়।’
যৌবনে এই পাঠাগারে নিয়মিত যেতেন প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। পুরান ঢাকার পাঠাগারগুলোর ম্রিয়মাণতা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে মুঠোফোনে তিনি বললেন, ‘আমার ও আমার সমসাময়িক অনেকের লেখক হয়ে ওঠার পেছনে ঢাকার অনেক পাঠাগারের ভূমিকা বিরাট। বই পড়া শুধু বিনোদন নয়, জ্ঞানচর্চার বিষয়। সম্প্রতি গিয়ে দেখেছি, পাঠাগারগুলোর চেয়ার খালি থাকে।’
সৈয়দ আবুল মকসুদ মনে করেন, মননশীল জাতি গঠনের প্রয়োজনে তরুণদের পাঠাগারমুখী হতেই হবে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন সামাজিক উদ্বুদ্ধকরণ।