পাঠকক্ষে যেতে উৎসাহ নেই দৃষ্টিপ্রতিবন্ধীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠকক্ষের ব্রেইল প্রিন্টারটি নষ্ট হয়ে পড়ে আছে প্রায় চার বছর ধরে। তিনটি কম্পিউটারের মধ্যে একটি পুরোপুরি নষ্ট। অন্য দুটিরও অবস্থা ভালো নয়। পুরো পাঠকক্ষে শুধু প্রথম বর্ষের বিভিন্ন বিষয়ের জন্য ব্রেইলে তৈরি ২৪টি বইয়ের কয়েকটি অধ্যায়ের খণ্ড পড়ে আছে।বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের পেছনের দিকের একটি রুমে এ পাঠকক্ষের কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ৩৬ জন। চাহিদামতো বই না পাওয়ায় তাঁরা এখানে এসে পড়ার আগ্রহ পাচ্ছেন না।প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক এনজিও সাইটসেভারস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ পাঠকক্ষটি চালু হয় ২০০৭ সালের ১৬ আগস্ট। সাইটসেভারস পাঠকক্ষের উন্নয়নে এককালীন বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জনবল নিয়োগ দেয়। প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা, চতুর্থ শ্রেণীর অফিস সহকারীসহ কেন্দ্রে বর্তমানে চারজন কর্মরত আছেন। চারজনের মধ্যে তিনজনই দৃষ্টিপ্রতিবন্ধী। কর্মরত ব্যক্তিরা অনেকটা হতাশার সুরেই বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের যথাযথ সেবা দিতে পারছি না। তাঁদের চাহিদাও পূরণ করতে পারছি না।’ পাঠকক্ষটি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে।সাইটসেভারসের প্রকল্প ব্যবস্থাপক নুসরাত জেরিন প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের চাহিদামাফিক এ পাঠকক্ষকে যুগোপযোগী করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে ভবিষ্যতে থোক বরাদ্দ পেলে কর্মীদের যন্ত্রপাতি ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।ইসলামি শিক্ষা বিভাগের এমএ শ্রেণীর ছাত্রী জাহানারা দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘প্রিন্টার নষ্ট। কম্পিউটার নষ্ট। অন্যদিকে আমরা একা চলাচল করতে পারি না। বন্ধুকে সঙ্গে নিয়ে আসতে হয়। আমাদের জন্য বিভিন্ন হল থেকে প্রতিদিন এসে পড়াশোনা করাটাও কঠিন। তাই পড়তে গিয়ে যদি লাভ না হয়, তাহলে যাওয়ার আগ্রহটাও কমে যায়।’অনেক শিক্ষার্থী কম্পিউটার নাড়াচাড়া করা এবং অন্যদের সঙ্গে গল্প করার উদ্দেশ্যেও এ পাঠকক্ষে যান বলে জানালেন। আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. জাহিদুল ইসলাম বলেন, নিজের কম্পিউটার থাকায় কষ্ট করে পাঠকক্ষে যেতে ইচ্ছা করে না। তাই সেখানে যাওয়া কমে গেছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের ছাত্রী শাহিদা আফরোজ বলেন, ‘শ্রেণীকক্ষে যে বিষয়গুলো পড়ানো হয়, সেসব বিষয়ের বই পাঠকক্ষে পাই না। রবীন্দ্র-নজরুলের বই থাকলে ভালো হতো। মাঝেমধ্যে পত্রিকা পড়তে ইচ্ছা করে। পাঠকক্ষের কম্পিউটার নষ্ট বলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রথম আলোর ওয়েবসাইটের বিশেষ উদ্যোগ ‘‘শ্রুতি’’ও পড়তে পারি না।’বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী পাঠকক্ষে একজন ‘রিডার’ নিয়োগ দেওয়ার আহ্বান জানান। তাঁদের মতে, ক্লাসে পড়ানো বই বা নোটগুলো কেউ পড়ে দিলে তা রেকর্ড করে পড়তে পারলে বেশি লাভ হতো। এ পাঠকক্ষে কেউ যদি স্বেচ্ছাসেবক হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধীদের বিভিন্ন কাজে সহায়তা করতেন, তাহলে ভালো হতো। এ পাঠকক্ষের কর্মী ও শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য কর্তৃপক্ষ ছোট একটি গাড়ির ব্যবস্থা করলে অনেক উপকার হতো বলেও অনেকে মন্তব্য করেন।পাঠকক্ষে বিদেশ থেকে আনা দামি ব্রেইল প্রিন্টারটি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। পাঠকক্ষ যাত্রা শুরুর পর থেকেই মূলত এটি নষ্ট। এ ছাড়া একটি ব্রেইল স্ক্যানার ও টেপরেকর্ডার আছে। দুটি ব্রেইল টাইপ মেশিনে শিক্ষার্থীরা টাইপ করে লিখতে পারেন। লেখার জন্য বিনা মূল্যে কাগজ দেওয়া হয়।গত বছর ইসলামের ইতিহাস বিভাগ থেকে এমএ পাস করা স্বল্পদৃষ্টিসম্পন্ন তাহমিনা শহীদ বলেন, স্বল্পদৃষ্টিসম্পন্নদের জন্য ম্যাগনিফাইং গ্লাস, অক্ষর বড় বড় করে দেখার জন্য সিসি টিভির মতো কোনো যন্ত্রপাতি পাঠকক্ষে নেই।