
ষোলো। সুইট সিক্সটিন। তারুণ্যের ১৬। ১৬ পেরিয়ে সীমানা ছাড়িয়ে। ১৬ সংখ্যাটিকে এমনি নানা সুন্দর উপমায় রাঙিয়ে তোলা হয়। ১৬ সংখ্যার ভেতরে কাজ করে অন্য রকম এক শক্তি। এই শক্তি তারুণ্যের শক্তি।
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ নভেম্বর। সেদিন ছিল সরকারি ছুটির দিন। আজ পাঠকের সঙ্গে এই দিনটি উদযাপন করা হবে। বাংলা একাডেমি প্রাঙ্গণে হবে পাঠকমেলা, পাঠককে নিয়ে মেলা—‘উৎসব ১৬ আনা, ষোলো পেরিয়ে সীমানা ছাড়িয়ে’।
এ মেলা, এ উৎসব চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কী থাকছে এই মেলায়?
সকাল ১০টায় পাঠকমেলার উদ্বোধনী আয়োজনে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস, বাপ্পা মজুমদার, হাসান আবিদুর রেজা, চঞ্চল চৌধুরী, কামার আহমাদ সায়মন, পারভেজ, জয়া আহসান, তিশা, কনা, এলিটা, কোনাল, নাসির হোসেন (ক্রিকেটার), তাসকিন আহমেদ (ক্রিকেটার) প্রমুখ।

সকাল ১০টা আর বিকেল সাড়ে চারটায় দেশের সেরা শিল্পীদের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান * সকাল সাড়ে ১০টায় আলোচনা ‘বাংলাদেশ ২০২৪’ * বেলা সাড়ে তিনটায় পাঠকের মুখোমুখি প্রথম আলো * প্রথম আলোর ফিচার পাতাগুলো নিয়ে পাঠকদের জন্য বর্ণিল আয়োজন * সারা দিন থাকছে আলোকচিত্র ও কার্টুন প্রদর্শনী, বইমেলা * সারা দিনই তারকা সমাবেশ।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন ফরিদা পারভীন, মমতাজ, মাহমুদুজ্জামান বাবু, আসিফ আকবর, এস আই টুটুল, বাউল শফি মণ্ডল, কৃষ্ণকলি, দিনাত জাহান, ন্যান্সি, শুভ, স্বাগতা, সভ্যতা, সন্ধি, কাব্য কামরুল ও সাজু খাদেম।
সারা দিনের এই আয়োজনে উপস্থিত থাকবেন নানা বিশেষজ্ঞজন:
পাঠকদের পরামর্শ দেবেন ‘মনের জানালা’র মেহতাব খানম; স্বাস্থ্যবিষয়ক টিপস দেবেন ডা. শুভাগত চৌধুরী; রূপচর্চাবিষয়ক পরামর্শ দেবেন কানিজ আলমাস খান; থাকবেন ‘পাঠকের উকিল’ নাহিদ মাহতাব; মনোজগতের নানা প্রশ্নের জবাব ও পরামর্শ দেবেন মোহিত কামাল, আহমেদ হেলাল, মেখলা সরকার ও সুলতানা আলগীন; থাকবেন কার্টুনিস্ট আহসান হাবীব; প্রিয় তারকাদের সঙ্গে কথোপকথন; পুষ্টিবিষয়ক পরামর্শ দেবেন পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো ও শামসুন্নাহার নাহিদ; থাকছে সবজান্তা সমীপেষু; আজরার পরিচালনায় ফ্যাশন প্যারেড।
এ ছাড়া ‘পাঠকমেলা’য় টিভি, চলচ্চিত্র, সংগীতসহ বিভিন্ন মাধ্যমের তারকারা থাকবেন প্রায় সারা দিনই। থাকবেন কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী, কলাম লেখক। কেউ আসবেন বন্ধুকে নিয়ে আবার কেউ সপরিবারে। প্রিয় তারকার সঙ্গে পাঠক সেলফি তুলবেন, তাঁদের অটোগ্রাফ নেবেন, প্রিয় তারকাকে নিয়ে নিজের কোনো প্রশ্নের জবাব কাছ থেকে নিজেই জেনে নেবেন, গল্প করবেন।
আজকের পুরো আয়োজনটি বিভিন্ন সময় বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
পাঠক এরই মধ্যে জেনে গেছেন, দেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলো ১৭ বছরে পা রেখেছে। প্রথম আলো বলছে ‘এগিয়ে যাওয়ার ১৬ বছর’। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী প্রথম আলোর কাছেও একটু অন্য রকম। তাই তো এবারের স্লোগান—কালকের পৃথিবীটা আমাদের হবে।
সবাই আসুন, প্রথম আলোর পাঠকমেলা সবার জন্য, পাঠকদের জন্য উন্মুক্ত। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দিনটি শুধু আপনাদের জন্য।